চৈত্রের খরতাপে কষ্টে আছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪ এপ্রিল
চৈত্রের খরতাপে কষ্টে আছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪ এপ্রিল

তাপপ্রবাহের এলাকা কমে এল, রাজধানীতেও তাপমাত্রা কমল

দেশের ১৫ জেলায় আজ শনিবার তাপপ্রবাহ বয়ে গেছে। গতকাল তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ছিল ২৭। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে গতকালের চেয়ে। সেই সঙ্গে রাজধানীর তাপমাত্রাও কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তখন তাপমাত্রাও কমে আসতে পারে।

আজ খুলনা বিভাগের সর্বত্রই তাপপ্রবাহ বয়ে গেছে। এর পাশাপাশি পাঁচ জেলায় ছিল তাপের দাপট। এর মধ্যে আছে টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী। খুলনা বিভাগে জেলার সংখ্যা ১০। তাই সব মিলিয়ে আজ ১৫ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আসলে দেশের দক্ষিণ-পশ্চিমাংশের এ জেলায় টানা তিন দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। তবে গতকালের চেয়ে আজ তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেছে।

গরমে ক্লান্ত এক শিশুকে পানি খাওয়াচ্ছেন অভিভাবক। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪ এপ্রিল

আজ রাজধানীতেও তাপমাত্রা কমে গেছে। আজ এ নগরীরর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ নগরীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, তাপমাত্রা গতকালের চেয়ে আজ কম। আজ সিলেট বিভাগের কিছু এলাকায় এবং শরীয়তপুরসহ দেশের আরও কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ৮৩ মিলিমিটার। আগামীকালও সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

আগামী সোমবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি প্রথম আলোকে বলেন, সোমবার থেকে বৃহস্পতিবার থেকে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে তাপ কিছুটা কমতে পারে।