বৃষ্টি
বৃষ্টি

রাজধানীতে ১১৪ দিন পর বৃষ্টি

দাপ্তরিক কাজে আজ সোমবার দুপুরের দিকে রাজধানীর গুলশানে গিয়েছিলেন খলিল উল্লাহ। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তিনি। রাজধানীর আকাশ আজ সকাল থেকেই ছিল মেঘে ঢাকা। তবে বৃষ্টি হবে, তা ভাবেননি তিনি। গুলশানের অফিসটিতে কাজ শেষ হওয়ার পর বের হতেই দেখেন, বৃষ্টি শুরু হয়েছে। খলিল উল্লাহ বলেন, থেমে থেমে অন্তত ৪০ মিনিট বৃষ্টি হয়।

শুধু গুলশান নয়, রাজধানীর প্রায় সর্বত্রই আজ বৃষ্টি হয়েছে। অবশ্য বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, বৃষ্টি হয়েছে আড়াই মিলিমিটারের বেশি। গত ৭ নভেম্বর রাজধানীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল। তারপর আজ ১১৪ দিন পর বৃষ্টি হলো।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ছিল, আজ ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। যদিও সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। প্রথমে রাজধানীর উত্তরায়, পরে গুলশান, বনানী এলাকাসহ রাজধানীর প্রায় সবখানেই কমবেশি বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর প্রথম আলোকে বলেন, রাজধানীতে আজ ২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ পরিমাণ খুব বেশি বলা যায় না।

শুকনা মৌসুমে দেশে বৃষ্টি কমই হয়। তবে কয়েক বছর ধরে বৃষ্টির পরিমাণ কমে আসছে। গত ফেব্রুয়ারি মাসে কোনো বৃষ্টিই হয়নি রাজধানীতে। ডিসেম্বর ও জানুয়ারি মাসও ছিল প্রায় বৃষ্টিহীন।

রাজধানীতে সর্বশেষ গত বছরের (২০২৫) ৭ নভেম্বর বৃষ্টি হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি প্রথম আলোকে বলেন, আজ ১১৪ দিন পর রাজধানীতে বৃষ্টি হলো। এবার দীর্ঘ সময় পর বৃষ্টি হলো।

বৃষ্টি না হওয়ায় রাজধানীতে ধুলাবালু বেড়ে গিয়েছিল মারাত্মকভাবে। রাজধানীর বায়ুদূষণ ভয়াবহ রূপ নিয়েছিল। গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে একাধিক দিন বায়ুর মান ৩০০ ছাড়িয়ে যায়। বায়ুর মান ৩০০ অতিক্রম করলে তাকে দুর্যোগপূর্ণ বলা হয়।

আজ বৃষ্টির পরপরই অবশ্য দূষণ একবারে দূর হয়নি। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখার সময় বিশ্বের ১২২ নগরীর মধ্যে ঢাকা ছিল শীর্ষে। যদিও বায়ুর মান একটু কম ছিল, ১৮৫।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, আগামীকালও ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে। শুধু রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম।