বায়ুদূষণ
বায়ুদূষণ

‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে বিশ্বের বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৫ স্থানে পরিস্থিতি নাজুক

সাধারণত এই মে মাসে রাজধানীর বায়ুদূষণ কম থাকে। কিন্তু এখন দূষণ বরং বাড়ছে। আজ সোমবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে।

আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ২০৮। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। বায়ুর মান ২০০–এর বেশি হলেই তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। রাজধানীর পাঁচ স্থানের বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ নগরীর পাঁচটি এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে বেচারাম দেউড়ী। এ এলাকার বায়ুমান ২৭৬। এরপর দূষণের তালিকায় আছে যথাক্রমে আগারগাঁও (২৭১), বারিধারা পার্ক রোড (২১৯), দক্ষিণ পল্লবী (২০৯) ও গুলশান লেক পার্ক (২০৮)।

সাধারণত এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। এপ্রিল পেরিয়ে মে মাস এসে গেল, কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।