বায়ুদূষণ
বায়ুদূষণ

ঢাকা আজ বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয়, খুব অস্বাস্থ্যকর বাতাস

আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর। আজ সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২৬টি দূষিত শহরের মধ্যে দ্বিতীয় ঢাকা। এ সময় ঢাকার স্কোর ছিল ২২৮। এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আজ বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে দিল্লি, স্কোর ৩৫৮।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার বায়ু আজ খুব অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এর মধ্যে আছে সাভারের হেমায়েতপুর (২৮৯), ঢাকার মার্কিন দূতাবাস (২৮২) এবং আগা খান একাডেমি (২৭৯)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৩ শতাংশ বেশি।

বায়ুদূষণে গত বৃহস্পতিবার ঢাকার স্কোর ছিল ৩৪১। এ মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়নকেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার ওই দিন সকালে প্রথম আলোকে বলেন, ‘ঢাকার বাতাসের মান আজ যা, তা এ বছরের সর্বোচ্চ।’

সুরক্ষায় করণীয়

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।