
সূর্যটা ঠিক মাথার ওপর। সময়টা ফাল্গুন মাসের শেষ সপ্তাহ। কিছুটা গরম। গহিন সুন্দরবনে হরিণের বড় একটা পালের চিত্রধারণের জন্য গিয়েছি ত্রিকোণ অ্যাইল্যান্ড। কচিখালীর খুব কাছাকাছি এই এলাকা। তিন খালের সংযোগস্থল হওয়ায় অনেকে একে তিন কোনা মুখও বলেন।
মূলত দুই খালের মাঝখানে ছোট্ট একটি কেওড়াবন আছে। এখানেই হরিণগুলো ভাটার সময় খেতে আসে। জোয়ার শুরু হলে আবার ফিরে যায় বড় বনে। জোয়ার নামার আগে আগেই আমরা সেখানে হাজির হলাম। শ খানেক হরিণের খাল পার হওয়ার দৃশ্য দেখলাম। অসাধারণ সব ছবিও পেলাম।
হরিণের পালের সঙ্গে কাটিয়ে সেখানেই রাত্রি যাপন করব বলে সিদ্ধান্ত নিলাম। দুপুরের খাবারের পর দলের সবার ঘুম ঘুম ভাব। এমন সময় মাঝি খবর দিলেন, নৌকার ওপর একটি সাদা ধবধবে ইগল ঘুরছে। মুহূর্তেই ঘুমের ভাবটা চলে গেল। সবাই নৌকার ছাদে উঠে গেলাম। পাখিটির মুখে একটি ডাল চোখে পড়ল। অনেকক্ষণ সময় পেলাম ছবি তোলার।
কিন্তু রোদ আর আলোর মেলবন্ধনটা ভালো হলো না। আচরণে মনে হলো কাছেই পাখিটির বাসা। ঘণ্টাখানেক এটির গতিবিধি দেখে বাসাও খুঁজে পেলাম। বাসায় আরেকটি মা ইগলকে দেখলাম। সঙ্গে পেলাম তাদের একমাত্র বাচ্চাটিকে। পুরো পরিবারের সঙ্গে একটি বিকেল কাটানোর দারুণ আনন্দ উপভোগ করলাম। পাখি পরিবারটি ছিল ধলাপেট সিন্ধু ইগল। ইংরেজি নাম হোয়াইট বেলিড সি ইগল।
সুন্দরবনের প্রতিটি ভ্রমণেই এই ইগলের দেখা পেয়েছি। এই বনের বাইরে পাখিটির দেখা খুব কমই পাওয়া যায়। উপকূলীয় এলাকায় কালেভদ্রে দেখা মেলে। ইগল প্রজাতিগুলোর মধ্যে সুন্দরবনের প্রধান আবাসিক পাখি হলো ধলাপেট সিন্ধু ইগল। আমাদের দেশে এত
সুন্দর ইগল খুব কমই আছে। অসাধারণ শারীরিক সৌন্দর্য আর উড়ে চলার ভঙ্গি। বনের ভেতর ঘন সবুজ কেওড়াগাছের ডালে ধবধবে সিন্ধু ইগল বসলে মনে হবে, সুন্দরবনে আসা সার্থক হয়েছে।
ধলাপেট সিন্ধু ইগল প্রজাতিটি মূলত খালের পাশে সবচেয়ে উঁচু গাছটিতে বাসা বানায়। বাসা বানানোর জন্য কেওড়াগাছ এই পাখির বেশ পছন্দ। ড্রোনের ছবিতে দেখেছি, বাসাটি এগুলো বানায় একদম পেয়ালার মতো করে, যাতে ডিমগুলো গড়িয়ে না পড়ে। শুকনা গাছের ডাল দিয়ে দুটি ডালের মাঝখানে বেশ বড়সড় বাসা বানায়। একটি বাসা তারা প্রজননের জন্য বছরের পর বছর ব্যবহার করে। স্বামী-স্ত্রী মিলে বাসাটি নিয়মিত পরিষ্কার করে রাখে। পুরোনো ডাল ফেলে নতুন ডাল দিয়ে নিয়মিতই বাসাটি মেরামত করে। প্রতিদিনই ঠোঁটে করে সবুজ পাতা এনে বাসায় বিছিয়ে দেয়। এতে বাসাটি ঠান্ডা থাকে।
সুন্দরবনের ভেতর ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৫১ বার পাখিটির দেখা পেয়েছেন ‘ই-বার্ড’ ব্যবহারকারীরা। এ সময় তাঁরা প্রায় ৭১টি পাখি দেখার তথ্য দিচ্ছেন। এই পাখিগুলোর মধ্যে ৬ থেকে ১০টি বাচ্চা পাখি ছিল। পাখি–গবেষকদের ধারণা, সুন্দরবনের ভেতর ১০ থেকে ১৫ জোড়া ধলাপেট সিন্ধু ইগল থাকতে পারে। এর মানে সুন্দরবনে ২০ থেকে ৩০টি পাখি এখন টিকে আছে।
সুন্দরবনের ভেতর প্রতিবছরই সিন্ধু ইগলের বাসার সংখ্যা কমছে বলে পাখি–গবেষকদের ধারণা। এর প্রধান কারণ হলো খাবারের সমস্যা। সুন্দরবনের ভেতর গত ১০ বছর অবৈধভাবে বিষ প্রয়োগে প্রচুর মাছ ধরা হয়েছে। বিষক্রিয়ায় অনেক মৃত মাছ খাল দিয়ে ভেসে যায়।
এসব মাছ খেয়ে পাখিটির প্রজননপ্রক্রিয়ায় সমস্যা হতে পারে অথবা সরাসরি বিষক্রিয়ায় পাখিটি মারাও যেতে পারে। তবে পাখিটি আরও কী কী কারণে কমে যাচ্ছে, এর জন্য বিশদ গবেষণা দরকার।
সিন্ধু ইগল সুন্দরবন পরিবারের বড় অংশ। বনটিতে এখন বন অধিদপ্তর বড় বড় সংরক্ষণকাজের উদ্যোগ নিচ্ছে। বেশ কিছু প্রজাতি সংরক্ষণে সাফল্যও এসেছে। সিন্ধু ইগলটি যেন হারিয়ে না যায়, সেদিকে দৃষ্টি রেখে সংরক্ষণের কাজগুলো সফল করা জরুরি।
লেখক: বন্য প্রাণী–গবেষক