সাগরের সুস্বাদু রুপচাঁদা–লাক্ষা কেন কম ধরা পড়ছে

গরম ভাতের সঙ্গে রুপচাঁদা ভাজা, ভুনা চিংড়ি বা তৈলাক্ত রিঠা মাছের ভুনা। আহা কী স্বাদ! কিন্তু সুস্বাদু এসব সাগরের মাছ খুব সহজে উঠছে না পাতে।

দেশের বেশির ভাগ মানুষের সামর্থ্যের বাইরে এসব মাছ। আর যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁদের পকেটে টাকা থাকলেও সব সময় এসব মাছ পাওয়া যায় না। কারণ, সাগরে এসব মাছ কম ধরা পড়ছে।

সাগরের এসব সুস্বাদু মাছ যে কম মিলছে, তা বলছে মৎস্য অধিদপ্তরও।  বার্ষিক মৎস্য পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে অধিদপ্তর বলছে সাগরে রুপচাঁদা, লাক্ষা, চিংড়ি ও রিঠা মাছ ধরা পড়ছে কম। ট্রলারমালিকেরাও বলছেন, তাঁরা এসব মাছ কম পাচ্ছেন।

এসব দামি মাছ। এ জন্য বেশি পরিমাণে এসব মাছ ধরা হয়েছে। এ কারণে সাগরে এখন এসব মাছ কমে গেছে
সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরীফ উদ্দিন

অধিদপ্তর আরও বলছে, কিছু প্রজাতির মাছ কমে গেলেও সামগ্রিকভাবে সামুদ্রিক উৎস থেকে উৎপাদন কমেনি। দেশে যে পরিমাণ মাছ উৎপাদন ও আহরণ হয় তাতে সামুদ্রিক মাছের অবদান কমে গেছে। ২০০১-০২ অর্থবছরে সামুদ্রিক মাছের অবদান ছিল প্রায় ২২ ভাগ, সেখানে ২০২০-২১ অর্থবছরে এর অবদান কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ ভাগে।  দুই দশকে সামুদ্রিক মাছের অবদান কমেছে সাত ভাগের বেশি।

রুপচাঁদা, লাক্ষা, রিঠা কম পাওয়ার আরও একটি কারণ তুলে ধরেছেন সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন,  ‘এসব দামি মাছ। এ জন্য বেশি পরিমাণে এসব মাছ ধরা হয়েছে। এ কারণে সাগরে এখন এসব মাছ কমে গেছে।’

বিলুপ্তির পথে লাক্ষা

লাক্ষা

সাগরে লাক্ষা  মাছ আহরণ আশঙ্কাজনকভাবে কমেছে। মৎস্য অধিদপ্তরের বার্ষিক মৎস্য পরিসংখ্যান বলছে, ২০১১-১২ অর্থবছরে ইন্ডিয়ান স্যামন মাছ বা স্থানীয়ভাবে পরিচিত লাক্ষা ধরা পড়েছিল ৩ হাজার ৩০ মেট্রিক টন। ১০ বছরের ব্যবধানে ২০২০-২১ অর্থবছরে মাছটির আহরণ কমে দাঁড়িয়েছে মাত্র ১৬৩ মেট্রিক টনে।

অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বেশি দামি হওয়ায় অতি আহরণের কারণে লাক্ষা, রুপচাঁদা, রিঠা মাছ কমে যাচ্ছে। এসব মাছের দাম বেশি। ফলে সবাই এগুলোর পেছনে দৌড়ায়। সে জন্য এগুলো রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে।

দুই দশক ধরে সাগরে মাছ ধরার সঙ্গে সম্পৃক্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. হাসান। তিনি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার সমিতির সভাপতিও। হাসান প্রথম আলোকে বলেন, ২০ বছর আগে লাক্ষা মাছ ছিল। আস্তে আস্তে লাক্ষা কমে গেছে। লাক্ষা এখানে খুব কম ধরা পড়ে। এ বছর তিনি এখনো লাক্ষা পাননি।  

পৃথিবীর অন্যান্য দেশের যে স্যামন, তার সঙ্গে ইন্ডিয়ান স্যামন বা লাক্ষার মিল নেই। এটি আমাদের মাছ। কিন্তু এটি হারিয়ে যাচ্ছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক মো. আবদুল ওহাব

কারওয়ান বাজারের সামুদ্রিক মাছ বিক্রেতা মো. সুমন প্রথম আলোকে বলেন, ‘কারওয়ান বাজারে মাঝেমধ্যে লাক্ষা আসে। আমি অর্ডার পেলে এই মাছ আনি। তা না হলে আনি না।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক মো. আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের যে স্যামন, তার সঙ্গে ইন্ডিয়ান স্যামন বা লাক্ষার মিল নেই। এটি আমাদের মাছ। কিন্তু এটি হারিয়ে যাচ্ছে।’

চার ভাগের তিন ভাগ রুপচাঁদাই মিলছে না

এক দশকের ব্যবধানে রুপচাঁদা আহরণ চার ভাগের তিন ভাগ কমেছে বলছে মৎস্য অধিদপ্তর। তারা বলছে, ২০১১-১২ অর্থবছরে সাগরে রুপচাঁদা ধরা পড়েছিল প্রায় ৪০ হাজার মেট্রিক টন। আর ২০২০-২১ বছরে ধরা পড়েছে ৯ হাজার মেট্রিক টনের কিছু বেশি।

রূপচাঁদা

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার সমিতির সভাপতি মো. হাসান বলেন, ‘আগে রুপচাঁদা ধরা পড়ত অনেক। টন টন রুপচাঁদা বিদেশে যেত। এখনো রুপচাঁদা পাওয়া যায়, তবে আগের মতো নয়।’

সুমন বলেন, রুপচাঁদা দামি মাছ। মাছ যত বড় দামও তত বেশি। পাঁচ-ছয়টায় কেজি হলে দাম পড়ে এক হাজার টাকা। তিন-চারটায় কেজি হলে ১ হাজার ২০০ টাকায় তা বিক্রি হয়।

রিঠার আহরণ অর্ধেকে

রিঠা

রিঠা  মাছের আহরণও এক দশকের ব্যবধানে প্রায় অর্ধেকে নেমে এসেছে। মৎস্য অধিদপ্তর বলছে, ২০১১-১২ অর্থবছরে এই জাতীয় মাছের আহরণ ছিল প্রায় ২০ হাজার মেট্রিক টন। ২০২০-২১ অর্থবছরে এই মাছের আহরণ কমে দাঁড়িয়েছে ১২ হাজার মেট্রিক টনের কিছু বেশিতে।

কারওয়ান বাজারে এই মাছ এক হাজার টাকা কেজি দামে বিক্রি হয়। তবে এর আমদানি খুব কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

চিংড়ি আহরণও কমেছে

চিংড়ি

সাগরে চিংড়ি আহরণও কমেছে। এক দশকে চিংড়ি আহরণ কমেছে ১১ হাজার মেট্রিক টনের বেশি। মৎস্য অধিদপ্তর বলছে, ২০১১-১২ অর্থবছরে সাগরে চিংড়ি আহরণ হয় প্রায় ৫৮ হাজার মেট্রিক টন, যা ২০২০-২১ অর্থবছরে কমে দাঁড়ায় ৪৬ হাজার মেট্রিক টনের কিছু বেশিতে।

এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, চিংড়ি সমুদ্রের তলায় থাকে। যখন চিংড়ি ধরা হয়, তখন সমুদ্রের তলায় থাকা অন্যান্য মাছ, ঘাস, লতাপাতাও ধ্বংস হয়ে যায়। এ জন্য চিংড়ি ধরার বটম ট্রলার (যেসব ট্রলার সমুদ্রের তলদেশ থেকে মাছ ধরে) নতুন করে আর অনুমতি দেওয়া হচ্ছে না। আর যেসব বটম ট্রলার পুরোনো হয়ে যাচ্ছে, সেগুলোকে ভেঙে নতুন করে বানানোর পর সমুদ্রের মধ্যদেশ পর্যন্ত মাছ ধরার অনুমতি দেওয়া হচ্ছে। সে জন্য চিংড়ির উৎপাদন কমছে, তবে এতে দেশের ভালো হচ্ছে।

মাছ রক্ষায় যা করছে সংশ্লিষ্টরা

অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বেশি দামি হওয়ায় অতি আহরণের কারণে লাক্ষা, রুপচাঁদা, রিঠা মাছ কমে যাচ্ছে। এসব মাছের দাম বেশি। ফলে সবাই এগুলোর পেছনে দৌড়ায়। সে জন্য এগুলো রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে।

মৎস্য অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ পাস হয়েছে। এটা অনুসারে অধিদপ্তরের অনুমতি নিয়ে সব মৎস্য নৌযানকে সাগরে যেতে হবে। ফলে কারও বাড়ি বরিশালে হলে তিনি ইচ্ছা করলেই ট্রলার বানিয়ে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না। তবে আইন হলেও এখনো বিধিমালা হয়নি। বিধিমালা পাস হলে এটা বাস্তবায়নে যেতে পারব। তখন কমতে থাকা মাছ আহরণ নিয়ন্ত্রণ করা যাবে। আশা করা হচ্ছে, চলতি বছরই বিধিমালাটি পাস হবে।

সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শরীফ উদ্দিন বলেছেন প্রজননের জন্য সাগরে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।