বায়ুদূষণ
বায়ুদূষণ

বায়ুদূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে ঢাকা আজ অষ্টম

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। আজ আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২০৫। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল বুধবার বছরের প্রথম দিনে এই মান ছিল ২১১।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

গত ডিসেম্বর মাসের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণ–সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক জরিপে দেখা গেছে, ডিসেম্বর মাসে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।

ক্যাপসের গবেষণায় দেখা গেছে, গত বছরের ডিসেম্বরে বায়ুর গড় মান ছিল ২৮৮। ২০১৬ থেকে এত খারাপ কখনোই হয়নি। ২০২৩ সালের ডিসেম্বরে বায়ুর মান ছিল ১৯৫। গত ৯ বছরে ডিসেম্বর মাসে ঢাকার বায়ুর মান ছিল ২১৯ দশমিক ৫৪। ২০২৪ সালের ডিসেম্বরে এই মান ৩১ ভাগের বেশি বেড়ে গেছে। আর ২০২৩–এর তুলনায় বেড়েছে ২৬ ভাগের বেশি।

আজ বিশ্বে বায়ুদূষণে ৩৩০ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে বসনিয়া হারজিগোভিনিয়ার সারায়েভো। এরপর ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ২৮৮।

আজ দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ১১৫, রাজশাহীতে ১৬০ আর খুলনায় ১৬১।

আজ ঢাকা ও আশপাশের তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৫৯), মহাখালীর আইসিডিডিআরবির কার্যালয় (২৫৭), ও কল্যাণপুর (২৪১)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৫ গুণ বেশি।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।