
২৬ বছর আগের কথা। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের চিকিৎসা কর্মকর্তা নুরুর রহমান জাহাঙ্গীরের আমন্ত্রণে শ্রীমঙ্গল গিয়েছিলাম। ভ্রমণের শেষ দিনে পদ্ম-শাপলা-শালুক-পানিফলশোভিত হাইল হাওরে কোষানৌকা নিয়ে যখন প্রবেশ করলাম, হাওরজুড়ে নানা প্রজাতির আবাসিক ও পরিযায়ী জলজ পাখির দেখা মিলল।
তবে ওদের মধ্যে সবার চোখই এক বিশেষ প্রজাতির পরিযায়ী পাখিকে খুঁজছিল। হাওরের পানি কেটে কোষানৌকা দুটি এগিয়ে চলছে। এমন সময় বাইনোকুলারের ফ্রেমে ধরা দিল মাছের জন্য পাতা বড়শিতে আটকে পড়া এক কানিবক। ওকে বড়শিমুক্ত করে সামনে এগোতেই পদ্মপাতা ও জলজ আগাছার ভিড়ে পেয়ে গেলাম এক জোড়া বালিহাঁস।
পরিযায়ী নয়, আবাসিক পাখি ওরা। নৌকায় ওদের পিছু নিতেই প্রাকৃতিক পদ্মবাগানের মধ্য থেকে হঠাৎই উড়াল দিল এক জোড়া বড় হাঁসজাতীয় পাখি, আমাদের অনুসন্ধিৎসু চোখ যাদের খুঁজছিল এতক্ষণ! অতি সাবধানে ওদের কটি উড়ন্ত ছবি তুললাম। এরপর বহু বছর পেরিয়ে গেছে। প্রতি শীতেই পরিযায়ী হাঁস-রাজহাঁসের খোঁজে ঘুরে বেড়াই হাওর-বাঁওড়-বিল-নদী-জলাভূমিতে।
হাঁস-রাজহাঁসেরা অ্যানসেরিফরমেস বর্গের সদস্য। এ দেশের জলচর পরিযায়ী পাখিগুলোর মধ্যে অন্যতম ওরা। একদিকে যেমন দক্ষ সাঁতারু, অন্যদিকে দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম। প্রতিবছর হাজার হাজার কিলোমিটার উড়ানপথ পাড়ি দিয়ে সুদূর ইউরোপ, আফ্রিকা, রাশিয়া, সাইবেরিয়া, মধ্য এশিয়া, মঙ্গোলিয়া, চীন, তিব্বত, হিমালয়ের আশপাশের এলাকা, এমনকি উত্তর আমেরিকা থেকে এ দেশে আসে।
বেশির ভাগ প্রজাতি শুধু এ দেশেই পরিযায়ী হয়, অন্যগুলো আরও দক্ষিণে পরিযায়নের পথে বিশ্রাম ও খাদ্যের জন্য এ দেশে নামে। বিশ্বে যে ১৭৬ প্রজাতির হাঁস-রাজহাঁস রয়েছে, তার কমবেশি ২৬টি আসে এ দেশে; তা ছাড়া আবাসিক আছে আরও ৪টি। একসময় মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা পরিযায়ী হাঁসদের কোলাহলে মুখর থাকলেও ২০১১ সালের পর আর দেখিনি। তা ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সরালি ছাড়া অন্য কোনো হাঁস চোখে পড়ে না। যদিও করোনাকালে কিছু বিরল প্রজাতির পরিযায়ী হাঁস এসেছিল।
অন্যান্য পরিযায়ী পাখির মতো হাঁস-রাজহাঁসগুলোও ওদের মূল আবাস থেকে এ দেশে শীতের আবাসে আসে মূলত ‘ইস্ট এশিয়ান-অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে (ইএএএফ)’-এর মাধ্যমে। এ দেশে ওরা যেসব আবাসস্থলে আশ্রয় নেয়, সেগুলোর মধ্যে ছয়টি এরই মধ্যে ‘ইএএএফ’ নেটওয়ার্কের আওতাভুক্ত হয়েছে। এগুলো হলো টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, বাইক্কা বিল, সোনাদিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও গাঙগুইরার চর। তবে এসব আবাসস্থল ছাড়াও বিভিন্ন নদ-নদী-হাওর-বাঁওড়-বিল-ঝিল-হ্রদ-উপকূল-জলাভূমিতেও অনেক প্রজাতির দেখা মেলে।
যদিও সাধারণভাবে মনে করা হয়, শীতের পরিযায়ী পাখিরা এ দেশে নভেম্বরে এসে মার্চে চলে যায়, আসলে তা ঠিক নয়। প্রকৃতপক্ষে এ দেশে ওদের আনাগোনা শুরু হয় জুলাই থেকেই। তবে বিভিন্ন প্রজাতির হাঁস সচরাচর অক্টোবর-নভেম্বরে এ দেশে আসে ও ফেব্রুয়ারি-মার্চে মূল আবাসে চলে যায়। যাঁরা পরিযায়ী হাঁস-রাজহাঁস দেখতে চান, তাঁদের জন্য ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ সময়টা সবচেয়ে ভালো।
বর্তমানে সবচেয়ে বেশি প্রজাতির হাঁস-রাজহাঁস সর্বোচ্চ সংখ্যায় আসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। এর পরের অবস্থানে আছে দেশের বৃহত্তম হাওর সিলেট-মৌলভীবাজারের হাকালুকি। এই হাওরের ২৩৮টি বিলের মধ্যে প্রায় ৪৪টিতে বিশ্বব্যাপী মহাবিপন্ন বড় ভূতিহাঁস, প্রায় সংকটাপন্ন ফুল্লুরি হাঁস ও রাঙা দিঘেরি, বিশ্বে সংকটাপন্ন লালমুড়ি হাঁস, ল্যাঞ্জা হাঁস, নাইরলি হাঁস, বামুনিয়া হাঁস, পান্তামুখী হাঁস, সোনাদিঘেরি, রাঙামুড়ি হাঁস, লালশির ইত্যাদিই প্রধান।
ভারতের মেঘালয়ের পাহাড়ের কোলে অবস্থিত বিশাল টাঙ্গুয়ার হাওরে মেঘালয় থেকে অন্তত ৩০টি ছোট-বড় ঝরনা ও ছড়ার পানি এসে মেশে। লেচুয়ামারা, চটাইন্না, রউয়া, রূপাবই, বাগমারাসহ ১১টি বিলেই মূলত পরিযায়ী হাঁসগুলো থাকে। হাকালুকিতে যেসব হাঁসের দেখা মেলে, এখানেও সেসব প্রজাতি আসে। এ ছাড়া পোষা হাঁসের পূর্বপুরুষ নীলশির ও মনিরা হাঁসও দেখা যায়।
শ্রীমঙ্গলের হাইল হাওরের ১৪টি বিলের মধ্যে বাইক্কা হলো জলাভূমির অভয়ারণ্য। এখানকার হাঁসের মধ্যে রাঙা দিঘেরি, ল্যাঞ্জা, নাইরলি, পান্তামুখী, সোনাদিঘেরি ও ধূসর রাজহাঁসই প্রধান। তবে এই মৌসুমে এখন পর্যন্ত কোনো পরিযায়ী হাঁস-রাজহাঁস দেখা যায়নি।
পটুয়াখালী, ভোলা, নোয়াখালী ও চট্টগ্রামের উপকূলীয় এলাকা ও চর, কক্সবাজারের সোনাদিয়া, নিঝুম দ্বীপ, গাঙগুইরার চর, দমার চর, চর কুকরি-মুকরি ইত্যাদিতে ঝাঁকে ঝাঁকে কড় রাজহাঁস, ধূসর রাজহাঁস, লালশির, রাজেশ্বরী, চখাচখি, পান্তামুখী ইত্যাদি আসে।
এখন পটুয়াখালীর রাঙ্গাবালীর বিভিন্ন চরে, বিশেষ করে হারের চরে, দুই হাজারের বেশি রাজেশ্বরীর একটি বিশাল ঝাঁক রয়েছে। এ ছাড়া পদ্মা, মেঘনা, যমুনাসহ অন্যান্য নদ-নদী ও মোহনা এবং উত্তরবঙ্গের বিভিন্ন নদী-বিল-চর-খাঁড়ি, যেমন রাজশাহীর পদ্মার চর, চাঁপাইনবাবগঞ্জের চরইল বিল ইত্যাদিতে চখাচখি, রাজেশ্বরী, কড় রাজহাঁস, ধূসর রাজহাঁস, সোনালি ঘেরি, পিয়ং হাঁস, লালশির ইত্যাদির ছোট ছোট ঝাঁক চোখে পড়ে।
এসব হাঁস-রাজহাঁস ছাড়াও কালেভদ্রে একটি-দুটি বা ছোট ঝাঁকে দেশের যেকোনো জলাভূমিতে বড় ও ছোট সাদা কপাল রাজহাঁস, স্বর্ণলোচন, সাদা হাঁস, সরু চঞ্চু ডুবুরি হাঁস, বোঁচ হাঁস, সুন্দরী হাঁস, বিরল ভূতিহাঁস ইত্যাদি দেখার তথ্য রয়েছে।
যদিও একসময় এ দেশে লাখো পরিযায়ী হাঁস-রাজহাঁস আসত, কিন্তু নানা কারণে দিনে দিনে ওদের সংখ্যা কমে যাচ্ছে।
আবাসস্থল ও খাদ্যের উৎস ধ্বংস, ওদের খাদ্যে ভাগ বসানো ও অতিরিক্ত আহরণ, জলাভূমি জবরদখল, জলাভূমি অভয়ারণ্যে মাছের ঘের স্থাপন, আবাসস্থলে ব্যাপক হারে মাছ শিকার, চোরা শিকারিদের উৎপাত, জলাভূমিকে কৃষি ও আবাস এলাকায় রূপান্তর, নিরাপত্তাহীনতা, জলবায়ু পরিবর্তন ইত্যাদিই মূলত এ জন্য দায়ী।
কাজেই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য হলেও আমাদের উচিত এসব হাঁস-রাজহাঁস, ওদের আবাসস্থল ও খাদ্যের উৎসগুলো রক্ষা করা। ওরা বাঁচলেই প্রকৃতি বাঁচবে, মানুষ বাঁচবে।
আ ন ম আমিনুর রহমান, পাখি ও বন্য প্রাণী চিকিৎসাবিশেষজ্ঞ