প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে মুখর থাকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকা। তবে চিরচেনা সেই দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। রোববার সকালে
প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে মুখর থাকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকা। তবে চিরচেনা সেই দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। রোববার সকালে

কক্সবাজারে অন্য রকম সকাল

 কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট। পর্যটন শহরের অন্যতম ব্যস্ত এলাকা। প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে মুখর থাকে। তবে চিরচেনা সেই দৃশ্য আজ রোববার সকালে সম্পূর্ণ বদলে গেছে। ঘড়ির কাঁটা সকাল ৯টা ছুঁয়েছে। এরপরও রাস্তাঘাট ফাঁকা।

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। সুগন্ধা পয়েন্টের অধিকাংশ দোকান ও বিপণিবিতান বন্ধ। যে কয়েকটি খোলা ছিল তা–ও বন্ধ করে দিচ্ছিলেন ব্যবসায়ীরা। হোটেল-রেস্তোরাঁর সামনে নেই পর্যটকদের ভিড়। ফুটপাত ধরে এ সময় শত শত মানুষের চলাচল থাকত। হোটেল-রিসোর্ট থেকে বের হয়ে এই ফুটপাত ধরে সৈকতে যাওয়া-আসা করে থাকেন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীরা। আজ সকালে এর কিছুই ছিল না।

একে তো পর্যটকের চাপ নেই, অন্যদিকে ঘূর্ণিঝড় মোখার আঘাত হানার সম্ভাব্য সময় ঘনিয়ে আসছে। সব মিলিয়ে ভয়-আতঙ্কে দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন দোকানি আবুল বশর। এ সময় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ২০ বছর ধরে এখানে ব্যবসা করছেন। করোনার সময় দোকানপাট বন্ধ রেখেছিলেন। আর অন্য সব সময় ২৪ ঘণ্টা তাঁর দোকান খোলা ছিল। কিন্তু এবার আবহাওয়ার অবস্থা ভালো নয়। ঘূর্ণিঝড় নিয়ে মানুষের মধ্যে একধরনের আতঙ্ক আছে। ভয়ভীতি আছে। লোকজন নেই। তাই সকাল সকাল বন্ধ করে ঘরে ফিরে যাবেন।

দোকানের কর্মীদের ছুটি দিয়েছেন উল্লেখ করে আবুল বশর জানালেন, আজ সকালের যে রকম ফাঁকা হয়ে পড়েছে শহর, তা অতীতে কখনো দেখেননি।

খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি কেউ। রাস্তাঘাটে গাড়িও চলছে হাতে গোনা। রোববার সকালে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায়

দাপ্তরিক কাজে কক্সবাজারে অবস্থান করছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা শামীম আহমেদ। তাঁর সঙ্গে কথা হয় সুগন্ধা হোটেল-মোটেল জোন এলাকায়। তিনি বলেন, চাকরির কারণে তিন বছর ধরে কক্সবাজারে আছেন। করোনার সময় লকডাউন দেওয়ায় সবকিছু বন্ধ ছিল। এ ছাড়া কক্সবাজার যেন সব সময় জেগে থাকত। এমনকি আগেও ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনো রাস্তাঘাটে কমবেশি মানুষ ছিল, অনেক দোকানপাট খোলা ছিল। কিন্তু এবার একেবারে ফাঁকা হয়ে পড়েছে।

সকালে রাস্তায় তেমন গাড়ি চলতে দেখা যায়নি। এর মধ্যে টমটম নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন চালক মো. ওসমান। তিনি বলেন, অন্যবার ঝড় হলেও ভাড়ার তেমন অভাব হতো না। কমবেশি যাত্রী পাওয়া যেত। আগের দিন শনিবার বিকেল চারটা থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাড়ি চালিয়ে মাত্র সাড়ে ৪০০ টাকা আয় করেছেন। অন্যান্য সময় হাজার-দেড় হাজার টাকা আয় হতো।

মোখার কারণে মানুষের মধ্যে ভয় ঢুকেছে জানিয়ে ওসমান বলেন, ঝড় নিয়ে তাঁর মধ্যেও আতঙ্ক আছে। কিন্তু গাড়ি না চালালে তাঁর চলার উপায় নেই।

আজ সকালে কক্সবাজারের কলাতলী, লাবণী মোড়, বাহারছড়া গোলচত্বর, ঘুনগাছ তলা, হলিডে মোড় ঘুরে দেখা যায় রাস্তাঘাট ফাঁকা। মানুষের চলাচল হাতে গোনা। কিছু কিছু দোকান খোলা থাকলেও ক্রেতার ভিড় নেই।