সুন্দরবনের মহাবিপন্ন প্রজাপতি

সুন্দরবনের কটকার বন অতসীগাছে মহাবিপন্ন সুন্দরী বায়স প্রজাপতি
ছবি: লেখক

১৭ জানুয়ারি ২০১৭। দুর্লভ পাখির সন্ধানে ক্যামেরা হাতে কাঠফাটা রোদ মাথায় নিয়ে যখন আলোর কোল নামের ছোট্ট লঞ্চে দাঁড়িয়ে ছিলাম, তখন সাদা-কালো প্রজাপতিটি সুন্দরবনের হাড়বাড়িয়া খালের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। উড়ন্ত অবস্থায়ও ওকে চিনতে এতটুকু সমস্যা হয়নি। কিন্তু সেদিন কোনো ভালো ছবি তুলতে পারিনি। ভালো ছবির জন্য অপেক্ষা করতে হলো আরও প্রায় আড়াইটি বছর।

২০১৯ সালের ১৯ জুলাই। সকালের হালকা রোদে বাঘের বাড়িখ্যাত কটকায়, টাওয়ারের প্রায় ৫০ গজ সামনে একটি বন অতসীগাছে প্রজাপতিটিকে বসে থাকতে দেখেই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। ছবি তুলতে তুলতে আমরা কজন একসময় বনের কিছুটা গহিনে বন অতসীর প্রাকৃতিক বাগানে ঢুকে পড়লাম। ওখানে যা দেখলাম, তাতে চোখ ছানাবড়া হয়ে গেল।

বাগানে মহাবিপন্ন এই প্রজাপতির মেলা বসেছে যেন! সঙ্গে আছে শ্বেত শার্দূল বা হোয়াইট টাইগার নামের আরেক বিপন্ন প্রজাতির প্রজাপতি ও ওদের ছানাপোনারা। মহানন্দে যখন ছবি তুলছিলাম, তখন গাইড তানজির হোসেন এসে ফিসফিসিয়ে বলল, একঝলকের জন্য সে ও বন্য প্রাণী আলোকচিত্রী নাজিম বাঘ মামাকে দেখেছে। রক্ত হিম করা এ সংবাদে মুহূর্তেই প্রজাপতির প্রাকৃতিক বাগান মানবশূন্য হয়ে পড়ল। সবাই প্রাণ হাতে নিয়ে দ্রুত আলোর কোলের দিকে ছুটলাম।

২৫ ফেব্রুয়ারি ২০২২। সকাল সোয়া আটটায় আবারও প্রজাপতিটির দেখা মিলল কচিখালী যাওয়ার পথে পক্ষীর খালে। দুপুরে কচিখালী খালে যখন নৌকা ঢোকালাম, খানিক পরে পরপর দুবার ডেকে উঠল এক বাঘিনী। সম্ভবত ওটা ছিল তার শাবকদের সাবধান করার ডাক। খানিক পরে আমার স্ত্রী নুসরাত জাহান বাঘের বৈঠকখানাখ্যাত কচিখালী বনে নামতে চাইল। তবে পায়ে প্রচণ্ড ব্যথা থাকায় ও বাঘের ভয়ে নামতে চাইছিলাম না। তারপরও সাহস সঞ্চয় করে নামলাম। ঠিক দুপুর ১২টা ৩১ মিনিটে আরেক দফা ওদের দেখা পেলাম। কোনো রকম ঝুঁকি না নিয়ে মাত্র দুটি ক্লিক করেই কচিখালী অফিসের দিকে পা চালালাম।

সাদা-কালো যে প্রজাপতির গল্প বললাম, তা দেশের অতি বিরল ও মহাবিপন্ন প্রজাপতি সুন্দরবন ক্রো। প্রচলিত বাংলা নাম নেই, অনুবাদ নাম সুন্দরবনের কাক। তবে কীটতত্ত্ববিদ অধ্যাপক আবুল বাশার প্রজাপতিদের যেভাবে নামকরণ করেছেন, সেটা অনুসরণ করে এ দেশে প্রাপ্ত কাক বা বায়স গোষ্ঠীর অন্যান্য সদস্যের নাম বিবেচনায় ওকে সুন্দরী বায়স বলা যায়। নিম্ফালিডি গোত্রের প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম Euploea crameri nicevillei. বাংলাদেশের সুন্দরবনের কিছু এলাকা ছাড়া এখন পর্যন্ত প্রজাপতিটিকে বিশ্বের আর কোথাও দেখার তথ্য নেই। এর প্রজননক্ষেত্র অত্যন্ত সীমিত।

সুন্দরী বায়স প্রজাপতিটির আকার মাঝারি থেকে বড়। প্রসারিত অবস্থায় এক ডানার প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ৮৫-৯৫ মিলিমিটার। কুচকুচে কালো দেহে রয়েছে ছোট ছোট সাদা ফুটকি। ডানা খোলা অবস্থায় দেহের ওপরটা দেখা যায়। সামনের ও পেছনের ডানার ওপরটা কালো, ডানার উপপ্রান্তীয় ও প্রান্তীয়-পূর্ব ফুটকি ও দাগগুলো একেবারেই সাদা।

বিরল এই প্রজাপতিকে একমাত্র সুন্দরবনের হাড়বাড়িয়া, পক্ষীর খাল, কচিখালী ও কটকা এলাকায় দেখা গেছে। প্রজাপতিটি অলসভাবে ওড়াউড়ি করে আর মাঝেমধ্যে হড়কানি বা গ্লাইডিংয়ের মতো করে।

বয়স্কগুলো বন অতসীগাছের ফুলের নির্যাস পছন্দ করে, তাই ফুল ফুটলে আকৃষ্ট হয়। ওদের জীবনচক্র সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। কিন্তু বর্ষা ও শীত—দুই মৌসুমেই কটকা ও কচিখালীতে বন অতসীগাছে বংশ বৃদ্ধি করতে দেখেছি। ওদের ডিম দেখার সৌভাগ্য না হলেও মুককীট দেখেছি। মুককীটের মূল রং হালকা সবুজাভ ও তাতে কালো ডোরা থাকে।

  • আ ন ম আমিনুর রহমান, পাখি ও বন্য প্রাণী চিকিৎসাবিশেষজ্ঞ