আবহাওয়া
আবহাওয়া

রাজধানীতে ভ্যাপসা গরম, বৃষ্টির সম্ভাবনা কতটুকু, জানাল আবহাওয়া অফিস

রাজধানীতে গতকাল দুপুরে অনেকটা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের হিসাবে বৃষ্টি হয়েছিল ৩১ মিলিমিটার। তাতে সাময়িকভাবে তাপ খানিকটা কমেওছিল। কিন্তু আজ বৃহস্পতিবার সকালেই ভ্যাপসা গরম শুরু হয়েছে। সকালে অবশ্য মেঘ ছিল আকাশে। কিন্তু সেই মেঘ ভেঙে যে রোদ দেখা দিয়েছে, তা তীব্র তাপ ছড়িয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, আজ সকাল আটটায় রাজধানীর তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে এ তাপমাত্রা হয় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এক ঘণ্টার মধ্যে দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে রাজধানীর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, এ সময়ে গরমের অনুভূতি বেশি হওয়ার কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। আর এ সময়ের বৃষ্টির বৈশিষ্ট্যই হলো বৃষ্টির পর শীতলতার রেশ বেশিক্ষণ স্থায়ী হয় না। আর আজ যে অবস্থা, তাতে রাজধানীর তাপমাত্রা আরও বাড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পটুয়াখালীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবার এই পটুয়াখালীর খেপুপাড়ায় গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিও হয়েছিল, ১০৬ মিলিমিটার।

এখন প্রকৃতিতে মৌসুমি বায়ু কেবল এসেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়তে আরও চার থেকে পাঁচ দিন লাগতে পারে। পশ্চিম দিক থেকে আসা বায়ু যা পশ্চিমা লঘুচাপ হিসেবে পরিচিত, তার দাপট এখনো আছে। আর মৌসুমি বায়ুর সঙ্গে এর সংঘাত এখন চলছে। এ অবস্থায় মেঘ সৃষ্টি হয় স্থানীয়ভাবে, থাকে সামান্য সময়। বৃষ্টিও সাময়িকভাবে তাপ কমায়, দীর্ঘস্থায়ী হয় না।

তবে আগের দিনের চেয়ে গতকাল কিন্তু রাজধানীসহ সারা দেশেরই তাপমাত্রা কমেছিল। গতকাল রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের চেয়ে এ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

বৃষ্টি হবে কি রাজধানীতে

আজ সকাল সাতটায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া রাজধানী ও এর আশপাশের এলাকার পরবর্তী ৬ ঘণ্টার আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, এ সময়ে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। তিনি সকাল নয়টার দিকে বলেন, রংপুর ও শেরপুর জেলার ওপরে মেঘ রয়েছে। এটা পশ্চিম দিক থেকে আসা মেঘ। বগুড়ার আকাশেও মেঘ আছে। এর গতি কোন দিকে যায়, তার ওপর নির্ভর করছে রাজধানীর বৃষ্টি হবে কি না।

নাজমুল ইসলামের কথা, রাজধানীতে দিনে বৃষ্টির সম্ভাবনা এখন পর্যন্ত কম। বৃষ্টি হলে সন্ধ্যার দিকে হতে পারে।

তবে এ সময়ের স্থানিক মেঘ এবং হঠাৎ বৃষ্টির যে বৈশিষ্ট্য, সেটিও বিবেচনায় রাখতে হবে বলে জানান নাজমুল ইসলাম।