
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ট্রাকচাপায় সাংবাদিক মঞ্জুর হোসেন ওরফে মিলন (৫৮) নিহত হওয়ার ঘটনায় চালক আহাদ মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে আহাদকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব বলছে, ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বালুবোঝাই ছিল। আর ট্রাকচালক আহাদের ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না।
৪ আগস্ট কাপাসিয়ায় বালুভর্তি ট্রাকের চাপায় নিহত হন সাংবাদিক মঞ্জুর। তাঁর বাড়ি কাপাসিয়ার পাবোর গ্রামে। তবে তিনি কাজের সূত্রে গাজীপুর শহরে থাকতেন।
গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গাজীপুর দর্পণ-এর সম্পাদক ও প্রকাশক ছিলেন মঞ্জুর। এ ছাড়া তিনি দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক করতোয়ার গাজীপুর প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তাঁর সাংবাদিকজীবনের শুরু ১৯৯০ সালের দিকে। তিনি বিভিন্ন সময় দৈনিক দিনকাল, দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।
ঘটনার দিন শহর থেকে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দেওয়ার পর কাপাসিয়া-ভাকুয়াদি সড়কের কোটবাজালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মঞ্জুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আজ সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ট্রাকটির ধারণক্ষমতা ছিল ৮ টন। কিন্তু ট্রাকটিতে ১৪ টন বালুবোঝাই করা হয়েছিল। ট্রাকটির চালক আহাদ গত সাত বছর ধরে মাহিন্দ্রা, পিকআপসহ বিভিন্ন গাড়ি চালিয়ে আসছেন। তাঁর মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স থাকলেও তিনি ভারী যানবাহন চালাচ্ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, বিআরটিএ যদি নিয়মিত অভিযান পরিচালনা করে, তাহলে শাস্তির ভয়ে অনেক চালক এ ধরনের অপরাধে জড়ানো থেকে বিরত থাকবেন।