
বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সম্মানজনক পর্যায়ে নিতে হলে মানসম্মত ও আন্তর্জাতিক মানের গবেষণার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে গবেষকদের অবশ্যই উচ্চমানের আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশের দিকে মনোযোগী হতে হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সেমিনার হলে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণার অবস্থা: অতীত ইতিহাস, সমসাময়িক প্রবণতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থানে দেখতে চাইলে আমাদের গবেষণার গুণগত মান বাড়াতে হবে।’
আবদুস সালাম গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানহীন গবেষণার বদলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রভাবশালী জার্নালগুলোতে বছরে অন্তত একটি গবেষণা প্রবন্ধ প্রকাশের লক্ষ্য নির্ধারণ করতে হবে। বিশেষ করে কিউ-১ ও কিউ-২ পর্যায়ের জার্নালগুলো বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান গবেষণার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ উন্নয়ন এবং তরুণ গবেষকদের উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।