গুলশানে এক মাসে ট্রাফিক সংকেত মানেনি ৩ লাখ গাড়ি

সড়ক নিরাপত্তাবিষয়ক সাংবাদিকতা কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঢাকা, ৬ জুলাই
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় গত এক মাসে (জুনে) তিন লাখ গাড়ি ট্রাফিক সংকেত অমান্য করেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি পরিচালিত কেন্দ্রীয় নির্দেশনা কেন্দ্রের (সেন্ট্রাল কমান্ড সেন্টার) মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার গুলশানে ডিএনসিসির নগর ভবনে অনুষ্ঠিত ‘সড়ক নিরাপত্তাবিষয়ক সাংবাদিকতা’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিক এ তথ্য জানান। ব্লুমবার্গ ফিলানথ্রোপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এ কর্মশালার আয়োজন করে।

আতিকুল ইসলাম বলেন, গুলশান-২ গোলচত্বরে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মাধ্যমে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেখান থেকে গত এক মাসে গাড়ি চলাচলের এসব তথ্য পাওয়া গেছে।

কর্মশালায় বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিসের গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) বৈশ্বিক সড়ক নিরাপত্তা অ্যাডভোকেসি ও গ্র্যান্ট প্রোগ্রামের ব্যবস্থাপক তাইফুর রহমান। এ ছাড়া জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সড়ক নিরাপত্তাবিষয়ক উদ্যোগ ও সমীক্ষা বিষয়ে আলোচনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ন্যাশনাল কনসালট্যান্ট ওয়াটিন আলম। নিরাপদ সড়কের নকশা নিয়ে আলোচনা করেন ওয়ার্ল্ড রিসোর্স ইনিশিয়েটিভের (ডব্লিউআরআই) বাংলাদেশ পরামর্শক ফারজানা আক্তার। সড়ক নিরাপত্তা সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিন।

আলোচকেরা বলেন, সড়কের সব ঘটনাকেই দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়। দুর্ঘটনায় কারও হাত থাকে না। কিন্তু সড়ক দুর্ঘটনাগুলো মূলত নানান কারণে  হয়। যেগুলো আসলে মানুষের তৈরি। ওই কারণগুলো চিহ্নিত করে সমাধান করা গেলে সড়কে মৃত্যু কমে যাবে। সড়ক দুর্ঘটনাকে তাই সরাসরি দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত না করে ‘রোড ক্র্যাশ’ হিসেবে চিহ্নিত করে সড়কের সমস্যা ও দুর্ঘটনার নেপথ্যের কারণ সমাধানে জোর দেওয়া উচিত।

বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কর্মশালায় বলা হয়, দেশে দুর্ঘটনায় বছরে কত মানুষের মৃত্যু হয়, এ নিয়ে সঠিক কোনো তথ্য নেই। সড়কে মৃত্যুর তথ্য সংগ্রহে সরকারি সংস্থাগুলোরও গাফিলতি রয়েছে। বেসরকারি যেসব সংস্থা সড়কে মৃত্যু নিয়ে তথ্য দেয় সেগুলোর সঙ্গে সরকারি সংস্থার দেওয়া তথ্যের অনেক পার্থক্য রয়েছে। সঠিক তথ্য ছাড়া করণীয় নির্ধারণ করা কঠিন।

৭২ ভাগ সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী পথচারী উল্লেখ করে আলোচকেরা বলেন, পথচারীদের হাঁটার জন্য জায়গা নিশ্চিত করা যায়নি বলেই যে কোনো সড়ক দুর্ঘটনায় পথচারীরা ভুক্তভোগী হচ্ছেন।

মানুষ হাঁটতে পছন্দ করে জানিয়ে আলোচকেরা বলেন, ট্রাক, বাস, প্রাইভেটকার, অটোরিকশা, মোটরসাইকেল এসব যানবাহনের পাশাপাশি ৫১ ভাগ মানুষ ভিন্ন গন্তব্যে হেঁটে চলাচল করেন। অথচ এসব মানুষের জন্য রাস্তায় হাঁটার আলাদা জায়গা নেই। শুধু গাড়ির জন্য রাস্তা না বাড়িয়ে হেঁটে চলা মানুষদের জন্যও জায়গা রাখা প্রয়োজন। তাতে সড়কে মৃত্যু কমবে।

কর্মশালায় ডিএনসিসি- বিআইজিআরএস প্রোগ্রামের কনসালট্যান্ট (কমিউনিকেশন অফিসার) খালেদা জেসমিনের সঞ্চালনায় ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, যুক্তরাষ্ট্রভিত্তিক জনস্বাস্থ্য উন্নয়নে নিয়োজিত বৈশ্বিক সংস্থা ভাইটাল স্ট্রাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজর (রোড সেফটি) আমিনুল ইসলাম এবং বিআইজিআরএস ঢাকা উত্তরের কো–অর্ডিনেটর আবদুল ওয়াদুদ বক্তব্য দেন।

সবশেষে সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। ঢাকা উত্তর সিটি, বিআইজিআরএস এবং জনস্বাস্থ্য বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিস যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।