চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজের দাবি

মশা নিয়ন্ত্রণে সফল মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম নগর ভবন ঘেরাও কর্মসূচিতে হামলাকারীদের সিটি করপোরেশনের  মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর অনুসারী আখ্যায়িত করায় ‘মর্মাহত’ হয়েছেন ‘চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজের’ নেতারা। করদাতা সুরক্ষা পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার দায় অস্বীকার করলেও মেয়রের পক্ষ নিয়ে নগর ভবনে অবস্থান করার বিষয়টি স্বীকার করেছেন তাঁরা।

রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজের নেতারা। এতে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মো. ওসমান গণি।

নাগরিক সেবায় মেয়রের উদ্যোগের প্রশংসা করে সংবাদ সম্মেলনে ওসমান গণি বলেন, মেয়র মশা নিয়ন্ত্রণেও সফল হয়েছেন। মেয়র চট্টগ্রামের উন্নয়নে কাজ করছেন। উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য করদাতা সুরক্ষা পরিষদ বিএনপি-জামায়াতের মদদে আন্দোলন করছে।  

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ সংবাদ সম্মেলন করে জানায়, নগর ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার জন্য মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দায়ী। মেয়রের ‘লেলিয়ে’ দেওয়া ‘গুন্ডা বাহিনী’ এ হামলা করেছে।

করদাতা সুরক্ষা পরিষদের সংবাদ সম্মেলনে আনা অভিযোগের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজ। সংগঠনের আহ্বায়ক মো. ওসমান গণি দাবি করেন, তাঁরা স্বতঃপ্রণোদিত হয়ে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। এই সংবাদ সম্মেলনও করছেন নিজেদের উদ্যোগে। এতে মেয়রের কোনো ভূমিকা নেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নগর ভবনের প্রবেশমুখে সব ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাঁরা অবস্থান করেন। আর তাঁদের দায়িত্ব রয়েছে নগরবাসীকে গৃহকর বিষয়ে সচেতন করা। মানুষ হাসিমুখে গৃহকর পরিশোধ করছেন এবং চট্টগ্রামের উন্নয়নে অংশীদার হচ্ছেন। করদাতা সুরক্ষা পরিষদ গৃহকর বিষয়ে জনগণকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, মিথ্যাচার করছে। নগর ভবন ঘেরাও কর্মসূচি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল।

করদাতা সুরক্ষা পরিষদ ১৫ মার্চ নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করে। কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং মেয়রের অনুসারীরা হামলা করে। এতে ৫ জন আহত হন।