
ময়না বেগম বললেন, ‘এলাকায় সবাই আমাকে ময়না মিস্ত্রি বলে চেনেন। বাড়ি বানানোর ফাউন্ডেশনের সময় মাটির নিচে যে মাপ নিতে হয়, ওই মাপসহ সবকিছু আমিই করি। দলের আমিই প্রধান। দোতলা পর্যন্ত বাড়ি বানাইছি। তিনতলা এখনো গাঁথা হয় নাই। টিনশেড, একতলা বাড়ি কত বানাইছি তার হিসাব রাখি নাই।
ময়না বেগম মনে করতে পারেন মুক্তিযুদ্ধের পরের বছর তাঁর জন্ম। বললেন, ‘এই লাইনে আমার কাজের বয়স হইছে ২৫ বছর।’
পুরুষ শ্রমিকেরা কথা শোনে কি না এমন প্রশ্ন করলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ময়না বেগম বেশ অবাক হয়ে গেলেন। বললেন, ‘মানব না ক্যান? মহাজন হলেন টাকার মালিক, তিনি টাকা দেন। আর আমিই তো মহিলা-পুরুষ সবাইরে কাজে নিই।’
ময়না বেগম একসময় রাজমিস্ত্রির সহকারী হিসেবে বালু, সিমেন্ট এগিয়ে দিয়ে দিনে পেতেন ৫০ টাকা। আর এখন কাজ করলে দিনে মজুরি পান ৬০০ টাকা। মাঝেমধ্যে ৭০০ টাকাও পান। জানালেন, এই মুহূর্তে চারটি জায়গায় ঢালাই, গাঁথুনি, সেন্টারিং, প্লাস্টারিংয়ের কাজ চলছে।
দলের প্রধান হিসেবে সব কটিই দেখভাল করছেন ময়না বেগম। অনেক সময় শ্রমিকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন আবার অনেক সময় সরাসরি গিয়ে নিজেও কাজ করেন। হাসতে হাসতে বললেন, ‘শুধু কাজ দেখাই দিলে তো আমিই ইঞ্জিনিয়ার হইয়া যাইতাম।’ ময়না বেগমের অধীন নারী-পুরুষ মিলিয়ে এখন ১৮ থেকে ২০ জন শ্রমিক কাজ করছেন।
ময়না বেগম অন্যের বাড়ি বানিয়ে দিলেও নিজে ফকিরহাটের কাঁঠালতলা মোড়ে থাকেন ভাড়া নেওয়া একটি টিনের জরাজীর্ণ ঘরে। এক রুমেই রান্না, খাওয়া ও ঘুমের বন্দোবস্ত। ঘরে কাঠের ছোট একটি খাট ছাড়া আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। টিনের চাল ফুটো হয়ে গেছে।
বরগুনার মেয়ে ময়না বেগম পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি ছেলের মা হয়েছিলেন ১৫ বছর বা আরও কম বয়সে। ছেলের আড়াই বছর বয়সে স্বামী হামিদ সিকদার মারা যান। স্বামীর বাড়ি থেকে যেটুকু সম্পত্তি পেয়েছিলেন তা বিক্রি করে ছেলের খরচ চালিয়েছেন। তারপর ছেলেসহ বাবার বাড়ি ফিরে আসেন। ছেলের সাড়ে তিন বছর বয়সে রতন আলীর সঙ্গে ময়না বেগমের বিয়ে দেন বাবা। তবে বিয়ের কয়েক বছর পর থেকে এই স্বামীও মা ছেলের ভরণপোষণ দেওয়া বাদ দেন। রতন আলীর সঙ্গে ময়না বাগেরহাটে এসে থিতু হয়েছিলেন।
অভাব ময়না বেগমের পিছু ছাড়েনি। এক সময় ময়না বেগম মানুষের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু এক বেলা খাবার আর যে বেতন ছিল, তা দিয়ে সংসার চলত না। প্রধান রাজমিস্ত্রির ‘মতলেব উস্তাদ’ সঙ্গে পরিচয়ের পর ময়না বেগমের জীবনের মোড় ঘুরে যায়। ওই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করেন ময়না। বিভিন্ন বাড়িতে স্যানিটারি স্ল্যাব বসানোর কাজসহ বিভিন্ন কাজ করে আজ ময়না বেগম একজন দক্ষ মিস্ত্রি এবং প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আড়াই বছর বয়সী যে ছেলেকে নিয়ে ময়না বেগমের সংগ্রাম শুরু হয়েছিল সেই ছেলেকে ময়না বেগম পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়িয়েছেন। বিয়ে করিয়েছেন। এক নাতি হয়েছে। ময়না বেগমের বাবা কিছু টাকা দিয়েছিলেন ওই টাকা দিয়ে একটু জমি কিনে ছেলেকে বরগুনাতেই একটি ঘরে তুলে দিয়েছেন। ছেলে বউ-বাচ্চা নিয়ে সেখানেই থাকেন। কিডনি সমস্যায় ছেলে তেমন কাজ করতে পারেন না। তাই ময়না বেগমকে ছেলের চিকিৎসা ছাড়াও মাঝেমধ্যে টাকা পাঠাতে হয়।
আর ফকিরহাটে ময়না বেগম একাই বেশির ভাগ সময় থাকেন। তাঁর দ্বিতীয় স্বামী রতন আলী আগেও একটি বিয়ে করেছিলেন, তা ময়না বেগম বিয়ের পর জানতে পারেন। স্বামী আগের স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকেন। মন চাইলে কয়েক মাস পর ময়না বেগমের বাড়িতে আসেন।
রাজমিস্ত্রি দলের প্রধান হিসেবে বাড়তি কোনো পারিশ্রমিক নেন না ময়না বেগম। বললেন, তিনি নিজে কষ্ট করে জীবন পার করছেন তাই অন্যের কষ্টটা ভালোই বুঝতে পারেন। ১৮ থেকে ২০ জন শ্রমিকের কাছ থেকে কিছু টাকা করে নিলেও তো অনেক টাকা পাওয়া যেত। তবে তাঁদের পরিশ্রমের টাকায় ভাগ বসাতে চান না। কেউ খুশি হয়ে চা খাওয়ালে চান খান। যেদিন কাজ করেন না সেদিন কোনো মজুরি নেন না ময়না বেগম।
ঠিকাদারেরা কাজ করিয়ে টাকা দিতে গড়িমসি করতে থাকেন, তাই ময়না বেগম ঠিকাদারদের মাধ্যমে কাজ করেন না। মালিক বা মহাজনের সঙ্গে যোগাযোগ করে কাজ নেন।
৪ নম্বর ফকিরহাট সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পরপর তিনবার নির্বাচিত মেম্বার শেখ শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুরুষ মিস্ত্রিরা কাজে ফাঁকি দেন। ময়না হেড মিস্ত্রি কাজে ফাঁকি দেন না। তাই তাঁর চাহিদা অনেক বেশি। গত বছর আমার বাড়ির রান্না ঘর ময়না মিস্ত্রিকে দিয়ে বানাতে চেয়েছিলাম, তাঁর সিরিয়াল পাই নাই।’
শেখ শহীদুল ইসলাম ময়না বেগম সম্পর্কে এ কথা বলেছেন জানালে ময়না বেগম হাসতে হাসতে বললেন, ‘কথা সত্য। শহীদ মেম্বার কাজের জন্য খুঁজছিলেন। অন্য জায়গায় কাজ ছিল বইল্যা না কইরা দিছি। কাজ করতে না পারলে ঘুরাইয়্যা তো লাভ নাই। আমার কাজের সিরিয়াল থাকেই। বইস্যা থাকতে হয় না।’
প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক সরাসরি ময়না বেগমের সঙ্গে কথা বলেছেন। আর ঢাকা থেকে প্রতিবেদক ময়না বেগমের সঙ্গে মুঠোফোনে কয়েক দফায় কথা বলেছেন। কেননা ময়না যখন কাজ করেন তখন পারতপক্ষে মুঠোফোন ধরেন না। আর ধরলেও কাজে ক্ষতি হচ্ছে বলে ফোন রেখে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলেন বারবার।
রাজমিস্ত্রির কাজ অনেক পরিশ্রমের কাজ উল্লেখ করে ময়না বেগম বলেন, কাজ শেষ করে বাড়ি ফিরলে অশান্তি লাগে। তবে মুরব্বি ‘মতলেব মিস্ত্রি’ কে উস্তাদ ডেকে ময়না বেগম জানালেন, এই উস্তাদের জন্যই তিনি আজ প্রধান রাজমিস্ত্রি হতে পেরেছেন। এই উস্তাদ বলেছিলেন, ময়না বেগম একবার যা দেখেন বা শোনেন, তা মনে রাখতে পারেন। তাই রাজমিস্ত্রির কাজে ভালো করতে পারবেন। এই উস্তাদ মারা গেছেন অনেক বছর হলো।
ময়না বেগম জানালেন, বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ ঢালাই সব কাজই মেপে মেপে করতে হয়। বালুতে পানি বেশি হয়েছে কি না, গাঁথুনির ইঞ্চির মাপ ঠিক আছে কি না, তাও দেখতে হয়। দোতলা-তিনতলা ভবনের কাজ হলে ইঞ্জিনিয়ার এসে প্রাথমিক মাপজোখ দেখিয়ে দিয়ে যান। ছোট বাড়ির কাজ ময়না নিজেই করতে পারেন। বাড়ির মালিকেরা ভরসাও করেন। ময়না বললেন, অনেকে হাসতে হাসতে বলেন-ময়নাই তো বড় ইঞ্জিনিয়ার।
ময়না বেগম জানালেন, কাজের শুরুতে তাঁর উস্তাদের জন্য কেউ তাঁকে নিয়ে বাজে কথা বলার সাহস পেতেন না। তারপর কাজের যোগ্যতা দিয়ে এমন এক জায়গায় পৌঁছেছেন যে এলাকার সবাই তাঁকে সম্মান করেন। এমনকি তাঁর অধীন কাজ করা শ্রমিকেরা তাঁর সামনে বিড়ি-সিগারেটে টান দেন না। আপা, ভাবি, কাকি যে যাই ডাকুক কখনোই কেউ হাসি মশকরা করার সাহস পান না।
পা পর্যন্ত লম্বা পোশাক ম্যাক্সি, পায়জামা আর ওড়না গায়ে পেঁচিয়ে কাজ করেন ময়না বেগম। এ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি জানিয়ে বললেন, কাজের সময় খুব সতর্ক থাকেন তিনি।
ফকিরহাটের একজন বাড়ির মালিক মো. আবদুল ওয়াদুদ বললেন, ‘আমার হাফ বিল্ডিং বাড়ি ময়না ভাবি করেছেন। এখন বারান্দা করে দিচ্ছেন। অন্যান্য জায়গায় কাজ করেন। পুরোনো মিস্ত্রি। কাজে দক্ষ, কখনো বসে থাকেন না।’
মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইট বালুর ব্যবসায়ী শেখ সৈয়দ আলী জানালেন, প্রায় ১৫ বছর ধরেই ময়না বেগমের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। ময়না দীর্ঘদিন ধরে তাঁর সুনাম ধরে রেখেছেন। তাঁর সিরিয়াল লেগেই থাকে। এই ব্যবসায়ী নিজের বাড়ি ও দোকানের কাজ করিয়েছেন ময়না বেগমকে দিয়ে। ১৫ বছর ধরে ময়না বেগমের সহকারী হিসেবে কাজ করা মাহবুব বললেন, ময়না মিস্ত্রি খুব ভালো কাজ করেন। পয়সা নিয়ে ঝামেলা করেন না।
ময়না বেগমকে ঘর ভাড়া দিতে হয়। সংসারের অন্যান্য খরচসহ ফকিরহাটের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করার জন্য যাতায়াত ভাড়াসহ নানা খরচ মেটাতে হয়। তাই মাস শেষে হাতে তেমন আর কিছু থাকে না। তারপরও কিছু টাকা সঞ্চয় করেছেন।
ময়না বেগম বললেন, ‘পুরুষের চাইতে কাজ কম করি না। তাও মাঝেমধ্যে মহিলা মানুষ বইল্যা অনেকে কম মজুরি দিতে চায়।’ তবে ময়না বেগমের অধীন যে শ্রমিকেরা কাজ করেন তিনি কে কতটুকু কাজ করলেন তার ভিত্তিতে মজুরি দেন, সেখানে নারী বা পুরুষ বলে আলাদা কোনো বিবেচনা থাকে না বলে জানালেন।
কাজ শেষে বাড়ি ফিরলে সারা শরীরের ব্যথা টের পান ময়না বেগম। বয়স আর একটু বাড়লে রাজমিস্ত্রির কাজ আর করতে পারবেন কি না জানেন না। তবে যত দিন কাজ করবেন, তত দিন সুনামের সঙ্গে কাজ করতে চান ময়না বেগম।