প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি গণতন্ত্র মঞ্চের

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি জানায় গণতন্ত্র মঞ্চ।

গণতন্ত্র মঞ্চের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার গভীর রাতে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। এভাবে গভীর রাতে তল্লাশি চালিয়ে একজন সংবাদকর্মীকে আটক এবং দেশের প্রতিষ্ঠিত জাতীয় দৈনিকের সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গতকাল প্রায় ৩০ ঘণ্টা অজ্ঞাত স্থানে আটক রাখার পর শামসুজ্জামান শামসকে আদালতে হাজির করে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন তৈরির পর থেকেই বিরোধী মতের রাজনৈতিক কর্মীরা যেমন মতপ্রকাশ করতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তেমনি গণমাধ্যমকর্মীরাও নির্যাতিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামসহ সারা দেশে বহু গণমাধ্যমকর্মীর ওপরই সরকারি সংস্থা কিংবা দলের লোকের নির্যাতনের খবর এসেছে।

গণতন্ত্র মঞ্চের বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র মঞ্চের নেতারা অবিলম্বে মতিউর রহমানের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও শামসুজ্জামান শামসকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীসহ মতপ্রকাশের অভিযোগে যাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাঁদের মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।