
বিশাল ‘পাখিমারার বিল’। বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর এলাকার এ বিলের চারপাশে আমন ধানের খেত। পাড়ে হোগলা, কাশ, ঘাস, উলুবন ও নলখাগড়াসহ অন্যান্য জলজ উদ্ভিদগুল্মের ঠাসবুননি। বিলের জলে শাপলা-শালুক ও পানিফলের অবাধ বিস্তার। শাপলা পাতায় পা ফেলে ফেলে হেঁটে বেড়াচ্ছে জলপিপি ও পদ্মপিপি পাখি। খোলা জলে টুপটুপ ডুব দিচ্ছে ডুবুরি পাখি। ভাদ্রের ঝিমমারা দুপুর তখন। নলখাগড়া বনের পাশে চরছে কালেম, জলমুরগি ও অন্যান্য পাখি।
হঠাৎ একটি ধানখেতের ভেতর থেকে মাঠ-বিল ফাটানো ‘ট্রুব ট্রুব, টুব টুব’ স্বরে ডাকতে শুরু করল একটি কোড়া বা জলমোরগ পাখি। বিলের এক প্রান্তে তালের ডোঙায় চড়ে কলমিশাক তুলছিল দুই বালক। তারা জানে, পুরুষ কোড়া এটি। বউটিকে নিয়ে ধানবনে বাসা বেঁধেছে বা বাঁধছে। এ সময় পুরুষটা ঘন ঘন ডাকে, সে আশপাশের অন্যান্য পুরুষ কোড়াকে জানান দেয়—এই রাজত্ব আমার। আমার এলাকায় ঢুকলে খবর আছে! দূর থেকে যদি পাল্টা ডাক ছাড়ে অন্য একটি পুরুষ কোড়া, তাহলে এটি যেন হুংকার দেবে, প্রতিদ্বন্দ্বীকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, বলবে—সাহস থাকলে আয়! হয়ে যাক এক লড়াই!
দুটি পুরুষ কোড়ার মরণপণ লড়াই বালক দুজন আগে দু-একবার দেখেছে। পোষা দুটি মোরগের লড়াইয়ের মতো এগুলোও লড়াইয়ের সময় পরস্পরের চোখে চোখ রাখে টানটান গলায়, গলার পালক ফোলায় ও দোলায়, সুযোগমতো ঝটিকা আক্রমণ করে। ভয়ংকর-সুন্দর লড়াইটা করে ওরা জীবন বাজি রেখে। দুটি পাখা মেলে পরস্পরকে চাপ্পড় কষে, ঠোঁট দিয়ে কামড়ে ধরে, পাখার ঢাল দিয়েই প্রতিদ্বন্দ্বীর আক্রমণ প্রতিহত করতে চায়। পায়ে পা আঁকড়ে ধরে। কপাল-মাথাজোড়া ত্রিকোণ আকৃতির শক্ত লাল টুকটুকে শক্ত বর্ম দিয়েও ঠকঠক শব্দে ‘বর্মযুদ্ধ’ করে, যেন দুটি ছাগল লড়ছে শিংয়ে শিং ঠুকে।
লড়াইবাজ পাখি হিসেবে এ পাখি বাংলাদেশের সব পাখির মধ্যে সেরা। পোষা খাঁচাবন্দী পুরুষ কোড়া দিয়ে বুনো পুরুষ কোড়া শিকারের প্রচলন আজও বাংলাদেশের নানা প্রান্তে আছে। খাঁচার বাইরে থাকে আলাদা ফাঁদ। তেড়েফুঁড়ে বুনোটা আক্রমণ করতে এসে ওই ফাঁদেই আটকা পড়ে।
একই স্বভাবের কারণে পুরুষ ডাহুক পোষা ডাহুকের খাঁচার বাইরের ফাঁদে আটকা পড়ে। খুব ভালো পোষমানা পুরুষ ডাহুক প্রজনন মৌসুমে ডাহুকবহুল এলাকায় ছেড়ে দিলে ধুন্ধুমার লড়াই শুরু হয়। তখন পোষাটাসহ বুনোটাকে ধরে ফেলা যেত; আজও যায়। ডাহুক খুবই জেদি ও একরোখা পাখি। দুটি বুনো পুরুষ ডাহুক যখন লড়াইয়ে মাতে, তখন পরস্পরের পায়ের লম্বা লম্বা নখে পরস্পরকে এমনই কষে আঁকড়ে ধরে যে দ্রুতবেগে এগিয়ে গিয়ে মানুষ বা বন্য প্রাণী দুটিকেই ধরে ফেলতে পারবে।
বিরল আবাসিক পাখি রাঙা হালতির ভেতরেও এই প্রবণতা আছে। জলাভূমির প্রচণ্ড জেদি ও মেজাজি পাখি কালেমের ঠোঁট যেন ছুরি-চাকুর মতো ধারালো। এগুলোর কপালেও আছে বর্ম। এগুলোর লড়াইও চলে দীর্ঘক্ষণ। হার স্বীকার করা প্রতিদ্বন্দ্বী পালাতে চাইলেও জিতে যাওয়া কালেম পরাজিত পাখিটিকে ধাওয়া করে ঠুকরে রক্তাক্ত করে ফেলে।
পুরুষ কোড়া-ডাহুকের মতো স্বভাব থাকায় খোলা মাঠের পাখি নাগরবাটইও খাঁচাবন্দী পোষা নাগরবাটইকে আক্রমণ করতে গিয়ে ফাঁদে ফেঁসে যেত। ছাতারে বা সাতভাই পাখি কী কারণে যে নিজের দলের কারও সঙ্গে অথবা অন্য দলের কোনো একটির সঙ্গে জীবন-মরণ লড়াইয়ে লিপ্ত হয়! বহুক্ষণ ধরে লড়াইটা চলে। দুটির চোখ রাগে-ক্ষোভে লাল হয়ে যায়। এ লড়াইয়ের পরিসমাপ্তি অনেক ক্ষেত্রেই একটির মৃত্যুতে হয়। বুলবুলি পাখিও ছাতারের মতো লড়াইয়ে মাতে। মাথার তালু, ঘাড় ও গলার পালক খসে যায়। রক্তাক্ত হয়, থামবে না তবু।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিখ্যাত ‘সাধুর গাছতলার’ মেলায় গত শতকের ষাটের দশক পর্যন্ত বুলবুলির লড়াই আমরা দেখেছিলাম। মোরগের লড়াইও হতো। সুন্দরবনের বাওয়ালি, জেলে ও মৌয়ালদের অনেকেই নাকি ক্বচিত বনমোরগের লড়াই দেখেছেন। তবে পোষা মোরগের মতো বোকা নয় ওগুলো, বিপদের গন্ধ পেলেই উধাও। বাজ, চিল ও ইগল অনেক সময় পায়ে পা আঁকড়ে টানটান হয়ে ঊর্ধ্বাকাশে সার্কাসম্যানের মতো ঘুরতে ঘুরতে নিচের দিকে নামে। ওটা কি লড়াই, নাকি নিছক ক্রীড়া বা প্রেমক্রীড়া! মড়া ঘিরে শকুনদের শকুননৃত্য অনেকেই দেখেছেন সত্তরের দশক পর্যন্ত। শকুন ‘লড়াইনৃত্য’ করে মড়ার মাংস খাওয়া নিয়ে।