
বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে গত শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হলো ‘রিটেইল কংগ্রেস ২০২৬’-এর অষ্টম আয়োজন।
‘ট্রান্সফর্মিং রিটেইল থ্রু নলেজ’ প্রতিপাদ্যে দিনব্যাপী আয়োজিত সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় রিটেইলার, ব্র্যান্ড নেতৃত্ব, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, বিপণন পেশাজীবী এবং বিভিন্ন খাতের সিদ্ধান্ত গ্রহণকারীরা অংশ নেন।
আলোচনায় উঠে আসে বাংলাদেশের রিটেইল খাতের পরিবর্তনশীল বাস্তবতা, যেখানে ডাটা-নির্ভর কৌশল, গ্রাহক আচরণ বিশ্লেষণ, অপারেশনাল দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কংগ্রেসে তিনটি কি-নোট সেশন, তিনটি প্যানেল আলোচনা এবং দুটি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব বলেন, ‘বর্তমান সময়ে রিটেইল খাতকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে জ্ঞানকে কার্যকর কাজে রূপান্তরের সক্ষমতা। পরিবর্তিত গ্রাহক চাহিদা বোঝা এবং দ্রুত অভিযোজনই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রিটেইল খাত যত বিস্তৃত ও জটিল হচ্ছে, ততই তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বাড়ছে। এ ধরনের প্ল্যাটফর্ম শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করে এবং সম্মিলিতভাবে একটি টেকসই ও ভবিষ্যৎমুখী রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করে।’
কি-নোট সেশনে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আশরাফ বিন তাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হেড অব কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট (সিবিডি) শাদমান সাদিকিন এবং ওমনি স্ট্র্যাটেজির চিফ এক্সিকিউটিভ অফিসার সামি আশরাফ।
আলোচনায় বক্তারা ডিস্ট্রিবিউশন দক্ষতা, উদ্দেশ্যনির্ভর ব্যবসায়িক কৌশল এবং পরিবর্তিত ভোক্তা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ এবং বিজিএমইএর পরিচালক ফাহিমা আখতার ও শাহ রায়ীদ চৌধুরী।