মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

হানিফ ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এবং তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের পক্ষে আবেদন দুটি করেন সংস্থার উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া। আদালতে শুনানি করেন দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল।

শুনানি শেষে আবেদন দুটি মঞ্জুর করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি হানিফ ও তাঁর স্ত্রী ফৌজিয়ার আয়কর নথিগুলো জব্দ করা প্রয়োজন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ মানি লন্ডারিংয়ের অভিযোগে গত বছরের জুলাইয়ে হানিফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করে দুদক।