চট্টগ্রামে মে দিবস পালন

ন্যূনতম মজুরি ও ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম আয়োজিত শ্রমিক সমাবেশ
ছবি: জুয়েল শীল

শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় এবং ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত।

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে আজ সোমবার তিনি এই দাবি জানান। নগরের মিউনিসিপ্যাল মডেল সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের সামনে সকালে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে বিশাল লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে চা–শ্রমিক, হোটেলশ্রমিক, পরিবহনশ্রমিক, হাসপাতালশ্রমিক, পোশাকশ্রমিকসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে তপন দত্ত বলেন, শ্রমিকদের আট কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। অমানুষিক পরিশ্রম করিয়ে অনেক প্রতিষ্ঠান ন্যায্য মজুরি দেয় না। আজ সময় এসেছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের ন্যায্য এবং ন্যূনতম মজুরি নিশ্চিত করেনি। আমরা অবিলম্বে তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইনি সুরক্ষা দিয়ে ২০ হাজার টাকা ন্যূনতম মজুরি নিশ্চিত করা হোক।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শ্রমিক অঙ্গন থেকে দালাল ও সুবিধাবাদি নেতৃত্ব উচ্ছেদ করে শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া আদায়ের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। মজুরি ও উৎসব বোনাস যথাসময়ে পরিশোধের পাশাপাশি সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

সমাবেশে টিইউসির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল, শ্রমিকনেতা ফজলুল কবির, হোটেল শ্রমিকনেতা মো. হানিফ, কমিউনিটি সেন্টার শ্রমিকনেতা মো. পারভেজ, চা–শ্রমিক নেতা সজীব দাশ, নির্মাণশ্রমিক নেতা আশরাফ আলী, বেসরকারি হাসপাতাল শ্রমিক নেতা মিজানুর রহমান, নারী শ্রমিক নেতা আদুরি কনা প্রমুখ বক্তব্য দেন।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের ছয়টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সম্মিলিত মে দিবস উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আজ সেমাবার সকালে জামালখান চত্বরে ‘রক্তে ধোয়া মে, তোমায় সেলাম’স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রামের ছয়টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সম্মিলিত মে দিবস উদ্‌যাপন পরিষদ আজ নগরের জামালখান চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে

উদীচী চট্টগ্রাম জেলার সহসভাপতি সুনীল ধরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভোমিক, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী, চট্টগ্রাম থিয়োটারের দল প্রধান দীপক চৌধুরী, সৃজামী সাংস্কৃতিক অঙ্গনের দলপ্রধান সুজিত চক্রবর্তী, বোধন আবৃত্তি পরিষদের সঞ্জয় পাল, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের দলপ্রধান নন্দদুলাল গোস্বামী এবং উদীচী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ।

অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, সৃজামী সাংস্কৃতিক অঙ্গন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, সুরমণ্ডল, সংগীত ভবন ও প্রবর্তক সংঘের শিল্পীরা, আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ। চট্টগ্রাম থিয়েটার পরিবেশন করে নাটক ‘ধর্মঘট।’

এদিকে দিবসটি উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সকালে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, সাবেক সভাপতি মো. আলী, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী ফরিদ, সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।