
বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। রোববার সকালে তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পার্বত্য সীমান্তে অবস্থিত পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) নারাইছড়ি বিওপি পরিদর্শন করেন। এ সময় বিওপির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন বিজিবির মহাপরিচালক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। পরিদর্শনকালে মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন না করে ঈদেও দুর্গম পার্বত্য অঞ্চলসহ দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে চলছেন বিজিবির সদস্যরা। দুর্গম পার্বত্য অঞ্চলে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।
এরপর বিজিবির মহাপরিচালক খাগড়াছড়ি সেক্টরের অধীন খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যাটালিয়ন সদরে কোয়ার্টার গার্ড সালাম গ্রহণ করেন এবং বৃক্ষ রোপণ করেন। পরে তিনি খাগড়াছড়ি সেক্টর ও ব্যাটালিয়নের বিভিন্ন স্থাপনা ও স্থান ঘুরে দেখেন। দুপুরে বিজিবির মহাপরিচালক ব্যাটালিয়নের সৈনিক মেসে সর্বস্তরের বিজিবি সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), বিজিবির চট্টগ্রাম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার, খাগড়াছড়ি ও পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।