চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ দুজন আহত হয়েছেন। আজ রোববার উপজেলার উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গার এস এম কামরুল ইসলাম (৪৫) ও উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গার মোহাম্মদ রাফি (৫) নামের এক শিশু।
গুলিবিদ্ধ হওয়ার পর কামরুল ইসলামকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শিশু রাফিকে উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁদের। পরে চিকিৎসকের পরামর্শে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখন তাঁরা সেখানে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গায় একটি চায়ের দোকানে বসে ছিলেন কামরুল। বেলা একটার দিকে মুখোশ পরা তিনজন এসে কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে কামরুল এবং দোকানের ভেতর থাকা শিশু রাফি গুলিবিদ্ধ হন। শিশু রাফি চায়ের দোকানি শামসুল ইসলামের নাতি।
শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দোকানের সামনের বেঞ্চে বসে আলাপ করছিলেন কামরুল। এমন সময় মুখোশ পরা তিনজন এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে কামরুল ও দোকানে থাকা আমার নাতি গুলিবিদ্ধ হয়। কামরুল দীর্ঘদিন এলাকার বাইরে ছিলেন। ঈদ উপলক্ষে সম্প্রতি তিনি বাড়ি আসেন।’
স্থানীয় ইউপি সদস্য নবীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে কামরুলকে গুলি করা হয়েছে। এ সময় দোকানে থাকা শিশুটিও গুলিবিদ্ধ হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত প্রথম আলোকে বলেন, শিশুসহ দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কেন এবং কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার পাশাপাশি গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।