
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সের ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বিভিন্ন বাফার গুদামে সরবরাহ না করা মোট সারের পরিমাণ প্রায় ৭২ মেট্রিক টন। এই সারের ক্রয়মূল্যের সঙ্গে অন্য খরচ যোগ করলে বিসিআইসি তথা সরকারের মোট ক্ষতি প্রায় ৫৮২ কোটি টাকা, যা গত ৫ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত সংবাদের সঙ্গে সংগতিপূর্ণ।
বিসিআইসির এক তদন্ত প্রতিবেদনের মতামত অংশে এ কথা বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার তদন্ত প্রতিবেদনটি দাখিল করেন সংস্থাটির আইনজীবী। শুনানি নিয়ে আদালত ২৩ জুলাই রায়ের জন্য দিন রেখেছেন।
‘আত্মসাৎ ৫৮২ কোটি টাকার সার’ শিরোনামে ৫ জানুয়ারি প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি নজরে আসার পর সেদিন হাইকোর্টের একই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। হাইকোর্ট গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। পাশাপাশি ওই অভিযোগ অনুসন্ধান করে শিল্পসচিব ও বিসিআইসি চেয়ারম্যানকে চার মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিষয়টি শুনানির জন্য ওঠে।
আদালতে বিসিআইসির পক্ষে আইনজীবী মোল্লা কিসমত হাবিব, দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ শুনানিতে ছিলেন। প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
পরে বিসিআইসির আইনজীবী মোল্লা কিসমত হাবিব প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশের পর সংবাদপত্রে উল্লেখিত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন দিতে গত ১৭ মে পাঁচ কর্মকর্তার সমন্বয়ে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। আদালত ২৩ জুলাই রায়ের জন্য দিন রেখেছেন। ওই অভিযোগ অনুসন্ধানে দুদক ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। দুদকের এ অনুসন্ধান প্রতিবেদন ২৩ জুলাইয়ের মধ্যে আদালতে দাখিল করতে সংস্থাটির আইনজীবীকে বলা হয়েছে।’
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছিল, সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার মেট্রিক টন রাসায়নিক সার বন্দর থেকে খালাসের পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেছে পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৫৮২ কোটি টাকা। মেসার্স পোটন ট্রেডার্স সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান ওরফে পোটনের মালিকানাধীন প্রতিষ্ঠান। কামরুল আশরাফ খান সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, তিনিই মূলত দেশে সারের ব্যবসা নিয়ন্ত্রণ করেন।
প্রথম আলোর প্রতিবেদনে আরও বলা হয়েছিল, পোটন ট্রেডার্স যে সার আত্মসাৎ করেছে, তা উঠে এসেছে সারের আমদানিকারক শিল্প মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান বিসিআইসির দুটি তদন্তে। সারগুলো খালাস হয়েছিল ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ১৫ মের মধ্যে। সার সরবরাহ না করার পর সাত মাস পেরিয়ে গেলেও কোনো আইনগত ব্যবস্থা নেয়নি বিসিআইসি। সর্বশেষ গত বছরের ২০ ডিসেম্বর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশনা চেয়ে বিসিআইসির পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।