ঠিকাদার শামীমের কারাদণ্ড

অস্ত্রবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারীরা দেশ-জাতির শত্রু: রায়ের পর্যবেক্ষণে আদালত

রায়ের পর জি কে শামীমসহ আট আসামিকে আদালত থেকে নিয়ে যাচ্ছে পুলিশ
ছবি: আসাদুজ্জামান

প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমসহ তাঁর সাত দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থ পাচারকারীদের কোনো আদর্শ থাকে না। তাঁরা দেশ ও জাতির শত্রু।

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. নজরুল ইসলাম আজ সোমবার এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর সাত দেহরক্ষীর প্রত্যেককে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শামীম ছাড়া কারাদণ্ড পাওয়া তাঁর সাত দেহরক্ষী হলেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। রায় ঘোষণার আগে শামীমসহ আট আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থ পাচারকারীদের কোনো আদর্শ থাকে না। তাঁরা কোনো আদর্শ লালন করেন না। তবে তাঁরা কোনো আদর্শকে ব্যবহার করে রাতারাতি সম্পদের পাহাড় গড়ে তুলে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেন। তাঁরা অর্থনীতিকে ধ্বংস করেন। তাঁরা দেশ ও জাতির শত্রু।

রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেন, দেশের চলমান উন্নয়ন ও জাতীয় স্বার্থে তাঁদের (অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থ পাচারকারী) সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে নিজ কার্যালয় থেকে সাত দেহরক্ষীসহ শামীম গ্রেপ্তার হন। গ্রেপ্তারের আগে শামীম কখনো নিজেকে যুবলীগের সমবায়বিষয়ক সম্পাদক, কখনো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে পরিচয় দিতেন। তিনি সামনে-পেছনে সাতজন সশস্ত্র দেহরক্ষী নিয়ে চলাফেরা করতেন। শামীমের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় গত বছরের ২৫ সেপ্টেম্বর শামীম ও তাঁর সাত দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড হয়।

মানি লন্ডারিংয়ের মামলাটি হয় রাজধানীর গুলশান থানায়। এ মামলায় ২০২০ সালের ৮ আগস্ট শামীমসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই বছরের ১০ নভেম্বর আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ সাক্ষীকে আদালতে হাজির করে। মামলায় গত ১৫ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, দেশের ১৮০টি ব্যাংক হিসাবে প্রায় ৩৩৭ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে শামীমের। এ ছাড়া ঢাকায় দুটি বাড়িসহ প্রায় ৫২ কাঠা জমির মালিক তিনি। এসবের দাম ৪১ কোটি টাকা। শামীম তাঁর অস্ত্রধারী সাত দেহরক্ষীকে দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টেন্ডারবাজি, বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজি করে এসব সম্পদ অর্জন করেছেন।

মামলার তদন্তভার পাওয়া সিআইডির কর্মকর্তা আবু সাঈদ জানান, গ্রেপ্তারের সময় শামীমের কাছ থেকে উদ্ধার হওয়া ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার মার্কিন ডলার ও ৭৫২ সিঙ্গাপুরি ডলার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকায় দুটি বাড়িসহ তাঁর ৫১ দশমিক ৮৩ কাঠা স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। এগুলোর দলিলমূল্য ৪০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২০০ টাকা।