শুভ সকাল। আজ বুধবার। গতকাল মঙ্গলবারের আলোচিত খবর ছিল, ‘বাসায় ঢুকে ছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত মা আইসিইউতে।’ আরও ছিল আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর। দিনের শুরুতেই চোখ বুলিয়ে নিন গতকাল প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বাসায় ঢুকে কুপিয়ে এক কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে। এ সময় বাধা দিলে ওই ছাত্রীর মা ও তিন বোনকে কুপিয়ে জখম করা হয়। মা বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গাজীপুরের সালনা এলাকায় গত সোমবার রাতে। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল মঙ্গলবার। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম (২৫) পলাতক। বিস্তারিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু করেছেন তাঁর দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকেরা। বিভিন্ন স্থানে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করেও বিক্ষোভ ঠেকানো যাচ্ছে না। উল্টো লাহোরে সেনানিবাসে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ পিটিআই কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার ইসলামাবাদে হাইকোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত
আইনজীবীদের প্রতীক কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য আরতি রানী ঘোষ। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা স্বাক্ষরিত নোটিশ গতকাল মঙ্গলবার সকালে আরতি রানীর বাড়িতে পাঠানো হয়। বিস্তারিত
চলন্ত লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে ৯ ঘণ্টা ভেসে থাকা জোহরা বেগম (৩৮) গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চিকিৎসক বলছেন, জোহরার হাড় ভেঙে গিয়েছিল। সেই সঙ্গে রক্তনালি ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। প্রধান যে রক্তনালি ছিঁড়ে গিয়েছিল, সেটির চিকিৎসা করা হয়েছে। তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি বাঁচলেন না। বিস্তারিত
ক্ষমতাচ্যুতির পর থেকে ইমরান পুনঃপুন সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলছিলেন। বিশেষ করে তাঁকে হত্যাচেষ্টার জন্য দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল। সাবেক সেনাপ্রধানকেও তিনি বহুবার রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের জন্য দোষারোপ করেছেন। বিস্তারিত