
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. মাকসুদুর রহমান। এর আগে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।
২০১৭ সালের ১৯ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে দায়িত্ব পালন করছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।
আজ বুধবার এ কে এম গোলাম রব্বানীকে সরিয়ে মো. মাকসুদুর রহমানকে প্রক্টর পদে নিয়োগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।
বিধিমালা অনুযায়ী, প্রক্টর হলেন আবাসিক হলের বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেকোনো জায়গায় শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়োজিত কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে একজনকে এ পদে নিয়োগ দেন উপাচার্য। তাঁকে সহযোগিতা করার জন্য থাকেন প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রক্টর।
আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাকসুদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ শাহীন খানকে কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সাড়ে পাঁচ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগপন্থী শিক্ষক এ কে এম গোলাম রব্বানী। এ সময়ে প্রশ্নপত্র ফাঁস ও ছিনতাইয়ের মতো ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারের সুপারিশ করে আলোচিত হয়েছেন তিনি। পাশাপাশি ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ না নেওয়া, তাঁর অধীনস্থ প্রক্টরিয়াল টিমের চাঁদাবাজিসহ নানা কারণে বেশ সমালোচিতও হন তিনি।
সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় অবৈধ ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বছরে প্রায় অর্ধকোটি টাকা চাঁদাবাজির অভিযোগ ওঠে এ কে এম গোলাম রব্বানীর অধীনস্থ প্রক্টরিয়াল টিমের সদস্যদের বিরুদ্ধে। এ অভিযোগ তদন্তে ২ মার্চ তিন সদস্যের কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নবনিযুক্ত প্রক্টর মাকসুদুর রহমান ওই কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
ওই তদন্ত প্রতিবেদনের সঙ্গে গোলাম রব্বানীকে সরিয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন হয়ে যাওয়ায় গোলাম রব্বানীর জায়গায় অন্য একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই।