
জুলাই আন্দোলন চলার সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ফুটপাতের দোকানদার মো. আফজাল হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকার নবাবগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রতন দেওয়ানকে (৩২) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার সালেহ আবু নাঈমের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত এ নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মাহিন উদ্দিন। তিনি জানান, আসামির রিমান্ড শুনানি না থাকায় তাঁকে শুনানিতে হাজির করা হয়নি।
তদন্ত কর্মকর্তা মামলার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষ সাক্ষ্যপ্রমাণে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে আটক রাখা অতি জরুরি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) রতন দেওয়ানকে গ্রেপ্তার করে। এ মামলায় নামোল্লিখিত ১৮৫ নম্বর আসামি তিনি।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী থানার বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে পদচারী–সেতুর নিচে বৈষম্যবিরোধী মিছিলে অংশ নেন ফুটপাতে ভ্রাম্যমাণ মনোহারি দোকানদার আফজাল হোসেন। ওই সময়ে আন্দোলন দমনে পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের ছোড়া গুলি আফজালের পেটে লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ভুক্তভোগী আফজাল হোসেনের ভাই একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার সালেহ আবু নাঈম প্রথম আলোকে জানান, গত মাসে আদালতে মামলাটি হয়। মামলায় ২৫০ জনের বেশি নামোল্লিখিত আসামি। রতন ১৮৫ নম্বর আসামি।