ফ্রেন্ডশিপ সেন্টারের ভবনটি ওপর দিক থেকে দেখলে মহাস্থানগড়ের প্রাচীন বৌদ্ধবিহারের ছবি ফুটে ওঠে অনেকটা।
ফ্রেন্ডশিপ সেন্টারের ভবনটি ওপর দিক থেকে দেখলে মহাস্থানগড়ের প্রাচীন বৌদ্ধবিহারের ছবি ফুটে ওঠে অনেকটা।

ছাদজুড়ে ঘাস, উঠানে জলাধার—গাইবান্ধার প্রত্যন্ত গ্রামের ভবন পেল বিশ্বসেরার স্বীকৃতি, পুরস্কার আড়াই কোটি টাকা

গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের প্রকৃতিবান্ধব নকশার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশের স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও তাঁর স্থাপত্য প্রতিষ্ঠান আর্বানা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের (মোমা) দেওয়া এই পুরস্কারের মোট অর্থমূল্য দুই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথমবারের মতো ‘আম্বাস-মোমা বার্ষিক পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সম্পর্ক পুনঃস্থাপনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। আগামী ১২ ডিসেম্বর নিউইয়র্কের মোমায় এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী

পুরস্কারের মোট দুই লাখ ডলারের মধ্যে কাশেফ চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান পাবেন এক লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা। বাকি এক লাখ ডলার (প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা) ব্যয় হবে আর্জেন্টিনার গ্রান চাকো অঞ্চলে বন পুনরুদ্ধার ও বনায়নের কাজে। ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোক্তা বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের সম্মানে এই বনায়ন কার্যক্রম পরিচালনা করবে অলাভজনক প্রতিষ্ঠান ফুন্দাসিওন গ্রান চাকো।

মোমার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৩০ বছরে বিশ্বের যেকোনো স্থানে নির্মিত এমন স্থাপত্যকর্মকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়, যা স্থাপত্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থমূল্যের দিক থেকে একক স্থাপত্য প্রকল্পের জন্য এটিকে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে উল্লেখ করেছে মোমা।

প্রথমবারের এই পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৪০টি স্থাপত্য প্রকল্প বিবেচনায় নেওয়া হয়। মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জন বিশেষজ্ঞ। শেষ পর্যন্ত গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারকে সেরা হিসেবে নির্বাচন করেন বিচারকেরা।

পুরস্কারের জন্য প্রায় এক বছর ধরে কাশেফ চৌধুরীর বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করেন আয়োজকেরা। গত অক্টোবরে একজন বিচারক ঢাকা, কেরানীগঞ্জ, গাইবান্ধা, সিলেট ও বরিশালে তাঁর বিভিন্ন স্থাপত্য প্রকল্প ঘুরে দেখেন। পাশাপাশি নকশা ও নির্মাণসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তবে এই মূল্যায়ন প্রক্রিয়ার বিষয়টি জানতেন না কাশেফ চৌধুরী।

মোমার আম্বাস ইনস্টিটিউটের পরিচালক ইভানজেলোস কোটসিওরিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আঞ্চলিক নির্মাণরীতি, পানি, উদ্ভিদ ও স্থানীয়ভাবে পরিচিত নির্মাণসামগ্রী ইটের সমন্বয়ে ফ্রেন্ডশিপ সেন্টার দেখিয়েছে, সীমিত উপকরণ ব্যবহার করেও স্থাপত্যে সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করা সম্ভব। তাঁর মতে, পরিবেশ ও প্রকৃতির মধ্যে সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এই স্থাপত্যকর্ম।

ভবনের ওপর ও চারপাশে রয়েছে ফুল-ফলসহ নানা প্রজাতির গাছ। প্রকৃতির মধ্যে মিশে যেন অদৃশ্য হয়ে আছে কমপ্লেক্সটি

যে কারণে অনন্য ফ্রেন্ডশিপ সেন্টার

গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে ফ্রেন্ডশিপ সেন্টারের অবস্থান। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে সেন্টারটির নকশা ও নির্মাণের কাজ সম্পন্ন হয়। ব্রহ্মপুত্র-যমুনা নদীর বদ্বীপ অঞ্চলে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের কার্যক্রম পরিচালনা এবং প্রশিক্ষণের জন্য এটি নির্মিত হয়েছে।

প্রায় ৯ হাজার ২১০ বর্গমিটার জমিতে গড়ে ওঠা এই স্থাপত্য কমপ্লেক্স ভবনের আয়তন প্রায় ৩১ হাজার বর্গফুট। এর নকশায় প্রাচীন মহাস্থানগড়ের স্থাপত্য থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের হাতে তৈরি ইট দিয়ে নির্মিত কমপ্লেক্সটিতে রয়েছে খোলা উঠান, খিলান, বাগান ও জলাধার।

ভবন শীতল রাখতে আছে জলাধার

দুটি চতুর্ভুজ আকৃতির ব্লকে বিভক্ত ফ্রেন্ডশিপ সেন্টার। একটি ব্লকে রয়েছে কার্যালয়, শ্রেণিকক্ষ, পাঠাগার ও ধ্যানের জায়গা। অন্যটিতে রয়েছে আবাসন ও খাবারের ব্যবস্থা। ভবনের ছাদে ঘাস লাগানো হয়েছে। ফলে দূর থেকে ভবনটি আশপাশের সবুজ মাঠের সঙ্গে মিশে গেছে বলে মনে হয়।

ফ্রেন্ডশিপ সেন্টারের নকশার বিশেষত্ব হলো, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ ব্যয় ও জ্বালানির ব্যবহার কমানো। বন্যাপ্রবণ ও দুর্বল মাটির এলাকায় ভবনটি নির্মাণে ব্যয়বহুল উঁচু ভিত্তি তৈরির পরিবর্তে চারপাশে মাটি সংকুচিত করে বাঁধ নির্মাণ করা হয়েছে। এর ভেতরে নিচু জমিতেই গড়ে তোলা হয়েছে ভবন।

ভবনের চারদিকে অনেক জলাধার আছে। বেশি পানি জমলে স্বয়ংক্রিয় সেচের মাধ্যমে পুকুরে গিয়ে পড়ে

সবুজ ছাদ, খোলা উঠান ও বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার ভবনটিকে শীতল রাখতে সহায়তা করে। প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে ব্যয়বহুল শীতাতপনিয়ন্ত্রণ–ব্যবস্থার ওপর নির্ভরতা ছাড়াই ভবনের ভেতরে আরামদায়ক পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে।

ফ্রেন্ডশিপ সেন্টার এর আগেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ২০১২ সালে স্থাপত্যবিষয়ক সাময়িকী ‘দ্য আর্কিটেকচারাল রিভিউ’–এর উদীয়মান স্থাপত্য পুরস্কার অর্জন করে প্রকল্পটি। ২০১৬ সালে পায় বিশ্বের অন্যতম সম্মানজনক ‘আগা খান স্থাপত্য পুরস্কার’।

নতুন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার অনুভূতি জানতে চাইলে স্থপতি কাশেফ চৌধুরী শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ পুরস্কার খুব সম্মানের। আর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কোনো প্রকল্প যখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তখন আনন্দটা আরও বেশি হয়।’

কাশেফ চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নামটি উঠে এসেছে। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই আমাদের বড় পাওয়া।’