সমুদ্রবিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউটের (নোয়ামি) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোহন কুমার দাশ। তিনি আবহাওয়াবিদদের সংগঠন সাউথ এশিয়ান মেট্রোলজিক্যাল অ্যাসোসিয়েশের (সামা) যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২০০৪ সালে আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ হিসেবে কাজ শুরু করেন। তিনি বিলুপ্ত হওয়া সংস্থা সার্ক মেট্রোলজিক্যাল রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট এবং পোস্টডাম ইনস্টিটিউট অব ক্লাইমেট অ্যান্ড ইমপ্যাক্ট রিসার্চ (পিআইকে) জামার্নির সঙ্গে পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন। বর্তমানে বিশ্বব্যাংকের বন্যা পূর্বাভাসবিষয়ক একটি প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করছেন। চলমান তাপপ্রবাহ ও আবহাওয়ার পরিবর্তন বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। গতকাল মঙ্গলবার তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ।

দেশের ওপর দিয়ে যে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সে বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?
মোহন কুমার দাশ: বাংলাদেশের সাম্প্রতিক তাপপ্রবাহে সারা দেশই ঝুঁকিতে পড়ে গেছে। দেশব্যাপী এত মারাত্মক তাপপ্রবাহ সাধারণত হয় না। এ ধরনের তাপপ্রবাহে দেশের পশ্চিমাঞ্চল ও রাজধানী ঢাকায় ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। কারণ, তাপপ্রবাহ যে এলাকা দিয়ে বয়ে যায়, সেখানকার অধিবাসীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। টানা এ ধরনের আবহাওয়ায় থাকলে হিট স্ট্রোকসহ নানা কারণে মৃত্যুও ঘটতে পারে। গত এক সপ্তাহে হিট স্ট্রোকে ভারতের মুম্বাইয়ে অনেকের মৃত্যুর খবর জানা গেছে।
অন্য বছরগুলোতে সাধারণত তাপপ্রবাহ কয়েক দফায় হয়। তিন থেকে পাঁচ দিনের বেশি স্থায়ী হয় না। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হয়। এবার গ্রীষ্মকালের বিশেষত্ব হলো টানা দীর্ঘদিন দেশব্যাপী তাপপ্রবাহ বিরাজ করছে। বাতাসে আর্দ্রতা কম থাকায় সকালের দিকে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ তৈরি হচ্ছে। এ বিষয়গুলো আবহাওয়ার বিশেষ কোনো নতুন ধরনের প্রবণতা কি না তা জানতে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বৃষ্টিপাতসহ বেশ কিছু দিক নিয়ে দীর্ঘমেয়াদি আরও বিশ্লেষণ ও গবেষণার প্রয়োজন। এখনই এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
দেশের তাপপ্রবাহসহ আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থাকে আপনি কি যথেষ্ট মনে করেন?
মোহন কুমার দাশ: আমাদের আবহাওয়া অধিদপ্তরের তাপমাত্রা, বৃষ্টিপাতসহ অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ প্রক্রিয়ায় অনেক আধুনিকায়ন হয়েছে। কিন্তু এখনো বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। যেমন ধরুন, গত সোমবার রাতে সিলেট পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টির রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটারের কম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, সিলেটের কিছু এলাকায় বেশ ভালো বৃষ্টি হয়েছে। এখানে সিলেট পর্যবেক্ষণ কেন্দ্র এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়েছে। কিন্তু কাছাকাছি এলাকার বৃষ্টির তথ্য কোথাও রেকর্ড হচ্ছে না।
একই কথা ঢাকা শহরের আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। এটি এই বিশাল শহরের একমাত্র আবহাওয়া পর্যবেক্ষণাগার। আগারগাঁও ছাড়া ঢাকা শহরের অন্য এলাকার তাপমাত্রা, বৃষ্টি, আর্দ্রতার তথ্য অন্তর্ভুক্ত হয় না। আবার আবহাওয়ার এই পরিবর্তনের বিষয়টি কতটা জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত, তা–ও ভাবা দরকার। বিষয়টি জানতে আরও তথ্য-উপাত্ত এবং সঠিক বিশ্লেষণ দরকার।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই পরিবর্তন কিছু কিছু স্থানের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য। কিন্তু পুরো শহরের আবহাওয়া বা তাপমাত্রা-বৃষ্টিপাত বোঝার জন্য যথেষ্ট নয়। ফলে আমাদের এখানে আবহাওয়া ও জলবায়ুর ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে কি না বা মানুষের ভোগান্তির পেছনে আবহাওয়ার অন্য কোনো কারণ আছে কি না, তা বোঝা যাচ্ছে না।
বাংলাদেশের ঋতুচক্রের মধ্যে কি কোনো বদল দেখতে পাচ্ছেন?
মোহন কুমার দাশ: আমাদের ষড়্ঋতুভিত্তিক দেশ বলা হয়ে থাকে। কিন্তু বাস্তবে সারা বছরের আবহাওয়ায় এখন আর শরৎ ও হেমন্ত ঋতুর যেসব বৈশিষ্ট্য আমরা শুনতাম, তা আর প্রকৃতিতে দেখা যাচ্ছে না। এ সময়ে বৃষ্টি কম থাকা ও বাতাস বেশি বয়ে যাওয়ার কথা আমরা সাহিত্য ও নানাবিধ ঐতিহাসিক দলিলে পাই। কিন্তু বাস্তবে শুধু এ ধরনের বৈশিষ্ট্য কোনো নির্দিষ্ট ঋতুতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্ত ঋতুর ব্যাপ্তি ও ধরনে পরিবর্তন দেখতে পাচ্ছি।
আবার আবহাওয়াবিজ্ঞানে ঋতুভিত্তিক বিভাজন চারটি: প্রাক্–বর্ষা (মার্চ, এপ্রিল, মে), বর্ষা (জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর), বর্ষা-উত্তর (অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর) এবং শীত (জানুয়ারি, ফেব্রুয়ারি)। সে হিসাবে এপ্রিল, মে ও জুন মাসে তাপপ্রবাহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও বড় শহর এবং কোনো কোনো বছর দেশব্যাপী হয়ে থাকে। এপ্রিল ও মে মাসে হাওর অঞ্চলে অকাল বন্যা হয়, যেটা বোরো ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। প্রাক্–বর্ষার সময়টি ‘কালবৈশাখী’র সময়। বজ্রপাত, টর্নেডোও হয়। এগুলো দেশের কয়েকটি বিশেষ এলাকায় বা হট স্পটে বেশি ঘটে।
এ সময় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের একটি বা দুটি বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা থাকে। এ ছাড়া নভেম্বর ও ডিসেম্বর মাসেও আমাদের উপকূলে একটি বা দুটি ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা থাকে। শীতকালে শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চলে দুর্ভোগ নিয়ে আসে।
বাংলাদেশের আবহাওয়া চরমভাবাপন্ন হয়ে ওঠার পেছনে অভ্যন্তরীণ কোনো কারণ আছে? শহরে ‘তাপীয় দ্বীপ’ বা ‘হিট আইল্যান্ডের’ প্রভাবের কথাও শোনা যাচ্ছে।
মোহন কুমার দাশ: গাছপালা, জলাশয় আমাদের প্রাকৃতিক সুরক্ষা দিয়ে থাকে। বুয়েটের স্থাপত্য বিভাগের একটা গবেষণায় দেখা গেছে, জলাশয় ও বৃক্ষ আচ্ছাদিত অঞ্চলের তাপমাত্রা পার্শ্ববতী ইট–কংক্রিটের স্থাপনার থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। গাছ শিকড়ের মাধ্যমে পানি সংগ্রহ করে আর পাতার মাধ্যমে কিছুটা পানি পরিবেশে ছেড়ে দেয়। জলাশয় থেকে পানি বাষ্পীভূত হয়। এ প্রাকৃতিক প্রক্রিয়াগুলো বাতাস বিশুদ্ধ রাখে, আমাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পারিপার্শ্বিক পরিবেশকে ভালো রাখে।
কিন্তু শহরাঞ্চলে অপরিকল্পিত ইট-কংক্রিটের স্থাপনা, গাছপালা, জলাশয় নষ্ট করা ও খোলা জায়গা না থাকার ফলে ভবন, রাস্তা, ঘনবসতি, চুলা, পরিবহন প্রভৃতি থেকে নির্গত তাপ একটি ‘তাপীয় দ্বীপ’ বা ‘হিট আইল্যান্ড’ পরিবেশ তৈরি করে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওই তাপীয় দ্বীপের মধ্যে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত তাপমাত্রা জমে থাকে। আশপাশের সবুজ ও জলাভূমিসমৃদ্ধ এলাকা থেকে সেখানকার তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। যেমন আমাদের ঢাকার ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালী, মতিঝিল ও গুলশান এলাকায় আমরা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে দেখছি। ঢাকায় এ ধরনের তপ্ত এলাকার সংখ্যা দ্রুত বাড়ছে।
আবহাওয়ার এই পরিবর্তন কতটা জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত?
মোহন কুমার দাশ: জলবায়ু পরিবর্তন একটা দীর্ঘমেয়াদি চলমান প্রক্রিয়া। এ জন্য কমপক্ষে দীর্ঘ ৩০ বছরের তথ্য–উপাত্তের সুচারু বিশ্লেষণ ও কিছু গবেষণা পদ্ধতি অনুসরণ জরুরি। আমাদের আবহাওয়া পর্যবেক্ষণাগারের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। দেশে বর্তমানে ৬১টি আবহাওয়া পর্যবেক্ষণাগার আছে। কোথাও কোথাও একটি থেকে আরেকটির দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি। এর অর্থ, একটি স্টেশন এলাকায় যদি বৃষ্টি হয়, তাহলে পুরো এলাকায় বৃষ্টি হয়েছে বলে ধরা হয়। কিন্তু বাস্তবে বিষয়টা এমন নয়!
দেশে চলমান তাপপ্রবাহের সঙ্গে এল নিনো ও লা নিনার কোনো সম্পর্ক আছে?
মোহন কুমার দাশ: এল নিনো এবং লা নিনা স্প্যানিশ শব্দ। যার অর্থ যথাক্রমে ‘বালক’ ও ‘বালিকা’। সংক্ষেপে বলা যায়, ‘লা নিনা’র সময় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং এটি ঘূর্ণিঝড়কে প্রভাবিত করে। আর ‘এল নিনো’ অনেকটা বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সম্পর্কযুক্ত। বিশ্বের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে এদের প্রভাব নিয়ে অনেক গবেষণা হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এদের প্রভাবের গবেষণা আরও সুনির্দিষ্ট ও ব্যাপক হওয়া প্রয়োজন।
তাপপ্রবাহ ও বন্যা তীব্র হওয়ার পেছনে অনেকে বায়ু দূষণ ও অন্যান্য মনুষ্যসৃষ্ট কারণকে দায়ী করছেন।
মোহন কুমার দাশ: আমি আগেই কিছুটা উল্লেখ করেছি, প্রকৃতিতে জলাভূমি, নদী ও খালের ভূমিকা। উজানে দেওয়া বাঁধ নদীর একটা স্বাভাবিক গতিপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এখন পর্যন্ত আবহাওয়া ও জলবায়ু কোনো রাষ্ট্রীয় সীমানা মেনে চলে না। কিন্তু নদীকে আমরা রাষ্ট্রীয় সীমানার আওতায় আনতে নিয়ন্ত্রণের প্রযুক্তি প্রয়োগ করা শুরু করেছি। এর বিরূপ প্রভাব আমরা কীভাবে অগ্রাহ্য করব? এটি নিয়ে নীতিনির্ধারক পর্যায়ে সর্বোচ্চ সচেতনতা ও ভূমিকা কাম্য।
যেকোনো দূষণের সঙ্গে মানুষের সরাসরি সংযোগ আছে। লোভী ও অপ্রয়োজনীয় কর্মকাণ্ড, অদক্ষ ব্যবস্থাপনার দায় কে এড়াতে পারে? বাংলাদেশের ঢাকা শহর অনেক আগে থেকেই বায়ুদূষণের নিকৃষ্ট উদাহরণ হয়ে উঠেছে। কিন্তু এ দূষণের ভোগান্তি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সবাই। ঢাকা শহরে সুস্থ ফুসফুসের কয়জন শিশু আছেম সেটা জানা খুব জরুরি! এ বায়ু দূষণ রোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কে ব্যবস্থা নেবে? তা ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশে বায়ুদূষণ নিয়ে গবেষণা করার মতো প্রয়োজনীয় সংখ্যক তো দূরের কথা, ন্যূনতম পর্যবেক্ষণাগার কি আছে? একটি দেশের রাজধানী বায়ুদূষণে বিশ্বে রেকর্ড করল। এ থেকে পরিত্রাণে আমাদের দৃশ্যমান ভূমিকা থাকা জরুরি।
ঢাকায় মিথেন গ্যাসের আস্তরণের কথা বলা হচ্ছে, যা তাপ বাড়াচ্ছে।
মোহন কুমার দাশ: মিথেন প্রাকৃতিক গ্যাসের একটি উপাদান। মিথেন বাতাসকে দূষিত করে এবং তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে। বায়ুদূষণের রেকর্ডের মধ্যে ঢাকা শহর বিপজ্জনক মিথেন গ্যাস নির্গমন দ্বিতীয় স্থান লাভ করেছে। অনেকে আক্ষেপ করে বলেন, ঢাকা শহর অনেক আগেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
মিথেনের সম্ভাব্য উৎস হতে পারে ময়লা–আবর্জনা ফেলার ভাগাড়, পশুখামার, জলাভূমি, গ্যাস-সংযোগের ছিদ্র, সিএনজি ফিলিং স্টেশন ইত্যাদি। এ বিষয়ের বিশেষজ্ঞদের মতামত, সঠিক উৎস অনুসন্ধান প্রয়োজন। তবে এ জন্য জৈব ও অজৈব বর্জ্য আলাদা করলে মিথেন গ্যাসের নির্গমন কমে আসবে। বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশবান্ধব করতে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।
শহরে আগুন লাগা বেড়ে যাওয়ার সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়া বা তাপপ্রবাহের কোনো সম্পর্ক আছে?
মোহন কুমার দাশ: এই আগুন যদি বনে লাগত, তাহলে সেটা বলার সুযোগ ছিল। এ ধরনের তাপপ্রবাহে দাবানল ঘটে থাকে। ভারতের উত্তরাখন্ড রাজ্যের বনে প্রায় প্রতিবছর দাবানলের ঘটনা ঘটে। এ ছাড়া অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়ার দাবানল বেশ বিপজ্জনক পর্যায়ে ঘটে। কিন্তু শহরের বিপণিবিতানের আগুনের ঘটনা সঠিক প্রমাণ ছাড়া তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত কি না, বলা যাবে না। তাপপ্রবাহ মানুষের মনে বিরূপ প্রভাব ফেলে। সামগ্রিকভাবে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে।
টানা তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবিলায় আমাদের কী করণীয়?
মোহন কুমার দাশ: তাপপ্রবাহ সাধারণত প্রতিবছর ঘটে। এ জন্য ‘তাপপ্রবাহ আগাম সতর্ক সংকেতব্যবস্থা’ বা ‘হিটওয়েব আরলি ওয়ার্নিং সিস্টেম’ উন্নত করা প্রয়োজন। এলাকা ও সময়ভিত্তিক তাপপ্রবাহের সুনির্দিষ্ট পূর্বাভাস দিতে হবে। কোন কোন এলাকায় তাপপ্রবাহ বয়ে যাবে, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের ওপরে যাবে—এসব তথ্য দিয়ে দায় সারলে হবে না। ওই তাপপ্রবাহ মোকাবিলায় আমাদের কী করতে হবে, কীভাবে এবং কারা তা করবে, সেই ব্যবস্থাপনাও রাখতে হবে। এককভাবে, সরকারি কোনো সংস্থার অল্প জনবল নিয়ে এ ধরনের কার্যকরী ব্যবস্থা করা কঠিন। তাই সরকারি-বেসরকারি যৌথ ব্যবস্থাপনায় তা কার্যকর করার উদ্যোগ নিতে হবে। যারা তাপপ্রবাহের সময় মানুষের কী করণীয়, সে সম্পর্কে পরামর্শ এবং উদ্যোগ নেবে। সময় এখনো শেষ হয়ে যায়নি। করণীয় তালিকা বেশ দীর্ঘ নয়। এককথায় বললে সচেতনতা, আন্তরিকতা এবং পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মোহন কুমার দাশ: আপনাকেও ধন্যবাদ।