শিশু ও বয়স্কদের ঘরের বাইরে রোদে যেতে দেওয়া যাবে না
শিশু ও বয়স্কদের ঘরের বাইরে রোদে যেতে দেওয়া যাবে না

চিকিৎসকদের পরামর্শ

নজর রাখতে হবে শিশু ও বয়স্কদের খাবারে, পোশাকে

প্রচণ্ড গরম আবহাওয়ায় মানুষ সবচেয়ে বেশি চিন্তায় পড়ে যায় পরিবারের শিশু ও বয়স্কদের নিয়ে। তাঁদের খাওয়ানোর ব্যাপারে যেমন সতর্ক থাকা জরুরি, তেমনি ঘরের বাইরে রোদে যাওয়াও ঝুঁকিপূর্ণ। পাশাপাশি শিশু ও বয়স্কদের পুষ্টি ঠিক রাখা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক এস কে রায় গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এই সময় শিশু ও বয়স্কদের ঘরের বাইরে রোদে যেতে দেওয়া যাবে না। তাদের ঢিলেঢালা হালকা সুতির কাপড় পরাতে হবে। সাদা কাপড় থাকলে গরমে সেটাই পরার উপযুক্ত সময়। কেউ বাইরে গেলেও মাথায় ছাতা দিতে হবে বা হালকা কাপড়।

এই গরমে খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা জরুরি মনে করেন চিকিৎসক ও পুষ্টিবিদেরা। তাঁরা বলছেন, শিশুদের খাবার হতে হবে টাটকা। বাসি খাবার দেওয়া চলবে না। বয়স্কদের খাবারে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও খনিজ থাকতে হবে। গরমে বেশি পরিমাণে তরল খাবার শরীরের জন্য প্রয়োজন।

চরম ভাবাপন্ন গরম আবহাওয়ায় ‘হিট স্ট্রোকের’ কথা শোনা যায়। এই সময় কিছু মানুষের শরীর তুলনামূলকভাবে গরম থাকে। অনেকে এই পরিস্থিতিতে ঘরের বাইরে যান। ঘরের বাইরের তাপমাত্রা যদি আরও বেশি থাকে, তা হলে শরীরে চাপ পড়ে। অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন, এটাই হিট স্ট্রোক। অনেকের রক্তচাপ অনেক বেড়ে যায়। হিট স্ট্রোকে মানুষের মৃত্যুও ঘটতে পারে।

আবহাওয়া গরম থাকলেও কিছু মানুষকে রোদ মাথায় নিয়ে ঘরের বাইরে যেতেই হয়। এদের মধ্যে আছেন দিনমজুর, কৃষক, রিকশাওয়ালা, নির্মাণশ্রমিক। এঁদের ঝুঁকি কিছুটা বেশি।

মেডিসিন বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. টিটো মিয়া প্রথম আলোকে বলেন, এদের হালকা ঢিলেঢালা কাপড় পরতে হবে। জামা পরলে হাফহাতা জামা পরতে হবে। একটানা রোদে থাকা যাবে না বা রিকশা চালানো ঠিক হবে না। কাজের ফাঁকে অবশ্যই বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নিতে হবে ছায়ায়। পানি খেতে হবে পর্যাপ্ত এবং সম্ভব হলে লবণপানি খেতে হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা মনে করেন, যাঁরা দিনমজুর, কৃষক, নির্মাণশ্রমিকদের কাজে নিয়োগ করেন, স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব তাঁদের নিতে হবে। অন্যদিকে পাড়ায় পাড়ায় রিকশা গ্যারেজের মালিকদের দায়িত্ব নিতে হবে রিকশাওয়ালাদের সচেতন করার ব্যাপারে। শহরের কাউন্সিলরাও এই দায়িত্ব নিতে পারেন।

গরমে অনেক সময় ধরে রোদে থাকার কারণে অনেকের ঝিমুনিভাব বা বমি বমি ভাব দেখা দেয়। মেডিসিন বিশেষজ্ঞ মো. টিটো মিয়া বলেন, এদের লবণপানি খেতে হবে। ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছে দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে কাছের হাসপাতালে নিতে হবে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) সূত্র বলছে, প্রচণ্ড গরম পড়লেও তাদের হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়েনি। এখন ডায়রিয়ার মৌসুম নয়। আইসিডিডিআরবির মহাখালী হাসপাতালে ১৪ এপ্রিল ৫৩০ জন ও ১৫ এপ্রিল ৫৬৫ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছিল। বছরের অন্যান্য সময়ে দৈনিক রোগীর সংখ্যা মোটামুটি এ রকমই থাকে। তবে এ সময় ডায়রিয়ার ঝুঁকি এড়িয়ে চলা দরকার।