
অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ (ওজিএসবি) চিকিৎসকদের সংগঠনগুলো কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে। আজ মঙ্গলবার বিকেল থেকে চিকিৎসকেরা তাঁদের চেম্বারে রোগী দেখবেন। দুজন চিকিৎসকের জামিন হওয়ার পরিপ্রেক্ষিতে কর্মসূচি থেকে সরে এলেন চিকিৎসকেরা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও বাংলাদেশে মেডিসিন সোসাইটির মহাসচিব অধ্যাপক আহমেদুল কবির এ কথা প্রথম আলোকে জানিয়েছেন। ওজিএসবিসহ চিকিৎসকদের ৪৪টি সংগঠনের সদস্যরা গতকাল সোমবার তাঁদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ রেখেছিলেন। বন্ধ ছিল অস্ত্রোপচারও। আজও একই কর্মসূচি ছিল।
চিকিৎসকদের সংগঠনগুলোর নেতারা আন্দোলন কর্মসূচি নিয়ে আজ দুপুরে একটি সভায় মিলিত হন। সভা চলাকালে তাঁদের জানানো হয়, গ্রেপ্তার থাকা দুই নারী চিকিৎসকের জামিন হয়েছে।
সভায় বাংলাদেশে মেডিসিন সোসাইটির মহাসচিব অধ্যাপক আহমেদুল কবির উপস্থিত ছিলেন। তিনি পরে কর্মসূচি স্থগিতের কথা প্রথম আলোকে জানান।
গত মাসে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে সন্তান প্রসবের সময় এক প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়। ভুল চিকিৎসার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই চিকিৎসককে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা-পুলিশ। পরে আদালত একাধিকবার তাঁদের জামিন নাকচ করেন।
ওই দুই চিকিৎসককে গ্রেপ্তার করা ও তাঁদের জেলে পাঠানোর ঘটনায় বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং ওজিএসবি নিন্দা জানায়। এরপর ওজিএসবির সদস্যরা রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে দুই দিন চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিনের কর্মসূচিতে রোগীদের ভোগান্তি হয়।