নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)

গণভোটের ফল আবার সংশোধন করল ইসি

ফলাফল প্রকাশের ১৩ দিন পর গণভোটের ফলাফল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে ইসি গণভোটের ফলাফলের সংশোধিত গেজেট প্রকাশ করেছে। তাতে আগে প্রকাশিত ফলাফলের চেয়ে মোট প্রদত্ত ভোট ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কম। সংশোধিত ফলাফলে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যা কমেছে, বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা।

২৫ ফেব্রুয়ারি তারিখে এই গেজেটে সই করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি গণভোট হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে বেসরকারিভাবে গণভোটেরও ফলাফল ঘোষণা করেছিলেন ইসি সচিব। একই দিন রাতে ফলাফলের গেজেট জারি করা হয়েছিল। ১৩ ফেব্রুয়ারি ইসি সচিব গণভোটে হ্যাঁ ও না ভোট পড়ার যে সংখ্যা উল্লেখ করেছিলেন, ওই রাতে প্রকাশিত গেজেটের সঙ্গে তার গরমিল ছিল।

১৩ ফেব্রুয়ারি বিকেলে ইসি সচিব বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, সারা দেশে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এরপর ইসি আসনভিত্তিক গণভোটের ফলাফল প্রকাশ করেছিল। সেখানে বেশ কিছু গরমিল নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ওই রাতে বেসরকারি ফলাফল সংশোধন করেছিল ইসি।

১৩ ফেব্রুয়ারি রাতে গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, গণভোটে মোট ভোট পড়ে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। ভোট বাতিল হয় ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। মোট বৈধ ভোট ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৮২ লাখ ৬৬০। ‘না’ ভোটের সংখ্যা ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬।

গতকাল জারি করা সংশোধিত ফলাফলের গেজেটে বলা হয়েছে, গণভোটে মোট ভোট পড়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬। মোট বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১। ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০। ‘না’ ভোটের সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১।