ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র‌্যাব হেফাজতে মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচার এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ করেন সিপিবির নেতা-কর্মীরা। আজ সকালে রাজধানীর শান্তিনগর বাজারে
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র‌্যাব হেফাজতে মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচার এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ করেন সিপিবির নেতা-কর্মীরা। আজ সকালে রাজধানীর শান্তিনগর বাজারে

রুটি–রুজির স্বাধীনতা হরণকারীরাই মায়াকান্না করছে: সিপিবি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র‌্যাব হেফাজতে মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভে সিপিবির নেতারা বলেছেন, দেশের মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে শাসকেরা সংবিধানকেই স্বৈরশাসনের ঢাল বানিয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে নিত্যপণ্যের দাম কমানোর দাবিও জানানো হয়।

সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘লুটেরা ও উচ্ছিষ্টভোগীদের কাছে মানুষ দেশপ্রেমের শিক্ষা নিতে চায় না। যারা মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রুটি-রুজির স্বাধীনতা হরণ করেছে, আজ তারাই ‘‘দেশ গেল’’ মায়াকান্না করছে।’

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি, র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, বাজার–নৈরাজ্য বন্ধ ও সংবাদপত্রের কণ্ঠ রোধ করা থেকে বিরত থাকার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে সিপিবি শান্তিনগর শাখার সভাপতি হযরত আলীর সভাপতিত্বে ও সহকারী সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটির সদস্য মঞ্জুর মঈন, পল্টন থানা কমিটির সদস্য মুর্শিকুল ইসলাম, উদীচী শান্তিনগর শাখার সহসভাপতি রাশিদা কুদ্দুস রানু প্রমুখ।