
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসমান বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা।
জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। যুক্তিতর্কে তিনি জিয়াউল আহসানের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্যও আবেদন করেন।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। এ সময় জিয়াউল আহসানকে নৃশংস খুনি, ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার, বিশ্ব মানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে। ট্রাইব্যুনাল-১-এর এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন।
আজকের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, এটি উপযুক্ত এখতিয়ারসম্পন্ন ট্রাইব্যুনাল। বাংলাদেশের একটি নিজস্ব আদালত হিসেবে এই ট্রাইব্যুনালের বিচার করার ক্ষমতা আছে। বিচার ন্যায্য এবং নিরপেক্ষ হয়েছে। আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ লাভ করেছে এবং করবে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। তাঁদের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ এবং আইনের ব্যাখ্যা-বিশ্লেষণ দ্বারা তাঁরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই আসামি যে অপরাধ করেছে এটা বেসামরিক জনগণের ওপর ব্যাপক এবং পদ্ধতিগত আক্রমণের অংশ, যা আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউট অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, গুম একটি চলমান অপরাধ। যাঁরা ফিরে আসেননি, যাঁদের মরদেহ পাওয়া যায়নি, তাঁদের ক্ষেত্রে এই আসামি বিচারে সোপর্দ থাকা অবস্থাতেও তাঁর অপরাধের অবসান ঘটেনি। এই আসামি নিজে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। অধস্তনদের আদেশ দিয়ে অপরাধ করতে বাধ্য করেছেন। ব্যক্তিগত, যৌথ এবং ঊর্ধ্বতন কমান্ডারের দায়ে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ সব কটি অভিযোগে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধগুলোর প্রয়োজনীয় উপাদানগুলো তাঁরা (রাষ্ট্রপক্ষ) প্রমাণ করতে সক্ষম হয়েছে। পৃথিবীর যেকোনো ফৌজদারি আদালত এই সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে এই আসামিকে দোষী সাব্যস্ত করবেন। রাষ্ট্রপক্ষ তার ওপর থাকা প্রমাণ উপস্থাপনের আইনি দায় বা ভার পূরণ করতে পেরেছে।
এই মামলায় যেসব অপরাধের বিবরণ উঠে এসেছে তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন করা, হত্যা করা ও গুম করে ফেলার মতো ঘটনা ঘটেছে। একটানা, একের পর এক, একাধিক। একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই সেই জীবন ফিরিয়ে দিতে পারবে না। কোনো আদালতের রায়ই মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। তবু অপরাধের বিচার হতে হবে।
দার্শনিক হেগেলের উক্তি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শাস্তি পাওয়া অপরাধীর অধিকার।’ আইন দার্শনিক হার্বার্ট মরিস বলেছেন, ‘শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার। আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ রকম নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।’
অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনের ভয়াবহ প্রভাব বিবেচনায় এই অপরাধের জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন রুহুল কুদ্দুস কাজল। যুক্তিতর্কে তিনি বলেন, এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও পরিবার-স্বজনদের দুর্ভোগের তুলনায় অতি সামান্য একবার মৃত্যুদণ্ডের সাজা। তাঁর অপরাধ সমুদ্রসমান। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা। তদুপরি মেনে নিতে হবে যে সভ্যতার সীমাবদ্ধতা রয়েছে। বিচারব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত সহস্র মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। তাই সব সীমাবদ্ধতা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান করেছে কিংবা রেখেছে, রাষ্ট্রপক্ষ থেকে তা প্রয়োগের জন্য এই ট্রাইব্যুনালের প্রতি নিবেদন জানাচ্ছেন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষী সাব্যস্ত করার জন্য আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি জিয়াউল আহসানকে নৃশংস খুনি, ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার, বিশ্ব মানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এবং তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রার্থনা করছেন।