
বাংলাদেশের স্বনামধন্য অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা যুক্তরাষ্ট্রের স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউটের মর্যাদাপূর্ণ ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন সেঁজুতি সাহা।
স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়।
টাইফয়েড টিকা কর্মসূচি, জিনোম সিকোয়েন্সিং ও জনস্বাস্থ্য গবেষণায় অবদানের জন্য সেঁজুতি সাহাকে এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন।
সেঁজুতি সাহা অলাভজনক প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) উপনির্বাহী পরিচালক।
স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউট ২০২০ সাল থেকে ‘রাইজিং স্টার অ্যাওয়ার্ড’ দিচ্ছে। ৪০ বছরের নিচের বিজ্ঞানীরা এই পুরস্কারের জন্য মনোনীত হন।