‘ব্যক্তিগত অসুবিধার’ কারণ উল্লেখ করে মো. নুরুল করিম নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র দিয়েছেন। রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি আজ রোববার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন নুরুল করিম।
গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। ডিএজি–এএজি পদে সব মিলে ২৬৬ জন নিয়োগ পান। আর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিএজি–এএজি পদে এটিই প্রথম নিয়োগ।
ওই নিয়োগের ১৮ দিনের মাথায় নুরুল করিম আজ পদত্যাগপত্র দিলেন। আর নিয়োগের চার দিনের মাথায় ‘ব্যক্তিগত’ কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে ৩ আগস্ট মো. মাহফুজুর রহমান নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র দেন। তাঁর নিয়োগ আদেশ বাতিল করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ ৬ আগস্ট প্রজ্ঞাপন প্রকাশ করে।
অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে গত ৩০ জুলাই ডিএজি–এএজি পদে ওই নিয়োগ দেওয়া হয়।