
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও ফ্যাকশন হোল্ডিংস করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তি অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট সিটি নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং ফ্যাকশন যৌথভাবে বিভিন্ন প্রোগ্রাম ও গবেষণা প্রকল্পের ব্যবস্থা করবে। ফ্যাকশন করপোরেশন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেবে।
রোববার সকাল ১০টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে চুক্তি সই অনুষ্ঠান হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান ও ফ্যাকশন হোল্ডিংসের ডিরেক্টর ম্যাক্স গারজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক আবুল লাইস এম এস হক, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। অপর দিকে ফ্যাকশন হোল্ডিংস করপোরেশনের ঢাকা অফিসের সিনিয়র অ্যাডভাইজার বিকর্ন কুমার ঘোষ, জাপানের ডেলাইট কোম্পানির সিনিয়র ম্যানেজার কাইও ইজুসি, আশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার আমজাদ সোলেমান প্রমুখ।