
১১ বছর আগে চট্টগ্রামে একটি সিগারেট কোম্পানির একজন পরিবেশককে হত্যায় ওই প্রতিষ্ঠানের এক কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম মো. কাউসার। আজ সোমবার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন।
সরকারি কৌঁসুলি কানু রাম শর্মা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আদালত মো. কাউসারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ না দিলে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় কাউসার উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আদালত সূত্র জানিয়েছে, ২০১১ সালের ৫ অক্টোবর চট্টগ্রাম নগরের বন্দর থানার বন্দরটিলা এলাকায় একটি সিগারেট কোম্পানির পরিবেশক বজলুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৬ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে বলা হয়, বজলুর রহমানের অধীনে শিক্ষানবিশ বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন কাউসার। হত্যাকাণ্ডের আগের দিন বজলুর রহমানের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র চুরি করেন তিনি। পরদিন তাঁর কাছ থেকে সেগুলো উদ্ধার করা হয়। শাস্তি হিসেবে অফিস থেকে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে অফিসের সামনে বজলুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেন কাউসার।