
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর ও হামলার ঘটনায় করা মামলায় বিএনপিপন্থীসহ ২৫ আইনজীবী জামিন পেয়েছেন। আগাম জামিন চেয়ে তাঁদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। ওই মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তাঁদের জামিন দেওয়া হয়েছে।
জামিনপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল, সমিতির সাবেক সম্পাদক মো. রুহুল কুদ্দুস এবং ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম রয়েছেন।
এর আগে নির্বাচন ও ভোট নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভের সময় ১৬ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে এ সময় ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এ ঘটনায় বিএনপিপন্থীসহ ২৫ আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড় শ ব্যক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী সুপারিনটেনটেন্ড মো. রফিকউল্লাহ বাদী হয়ে ১৬ মে রাতে শাহবাগ থানায় ওই মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ ও গুরুতর আঘাত, চুরি, শ্লীলতাহানি, ক্ষয়ক্ষতি ও সহায়তার অভিযোগ আনা হয়।
ওই মামলায় ২৫ আইনজীবী আগাম জামিন চেয়ে পৃথক আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর–উল ইসলাম এবং এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন (২০২৩-২৪) হয়। এই নির্বাচন পরিচালনায় উপকমিটি নিয়ে ভোটের প্রথম দিন গত ১৫ মার্চ তর্কে জড়ায় দুই পক্ষ। একপর্যায়ে পুলিশ আইনজীবী ও সাংবাদিকদের পিটিয়ে সমিতির মিলনায়তন (ভোটকেন্দ্র) থেকে বের করে দেয়। বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিএনপিপন্থী আইনজীবীরা দৃশ্যত ভোট থেকে বিরত থাকেন। ভোটের ফলাফলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতেই জয় পান আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের আইনজীবীরা।