স্ত্রীকে হত্যার কথা স্বীকার, ৯ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

গ্রেপ্তার কাজী শাহেদুজ্জামান
ছবি: সংগৃহীত

দাফনের ৯ দিন পর কবর থেকে এক নারীর লাশ উত্তোলন করেছে পুলিশ। লাশটি তড়িঘড়ি করে দাফন করেছিলেন স্বামী। পরে তিনি গ্রেপ্তার হন। রিমান্ডে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

গতকাল সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পশ্চিম খাদিরখিল এলাকা থেকে আসমা আক্তার (২৭) নামের ওই নারীর লাশটি উত্তোলন করা হয়। তাঁর স্বামীর নাম কাজী শাহেদুজ্জামান (৪২)। তাঁর বাড়ি পশ্চিম খাদিরখিল এলাকায়। এই দম্পতি চট্টগ্রামের পতেঙ্গার খেজুরতলা এলাকায় থাকতেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসেন আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ১৪ জুন শাহেদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পারিবারিক কলহের জেরে স্ত্রী আসমাকে শ্বাস রোধে হত্যার কথা স্বীকার করেন। লক্ষ্মীপুরের নিজ এলাকায় আসমাকে দাফন করা হয়েছে বলে তিনি জানান। পরে লাশটি উত্তোলন করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আসমা আক্তার

প্রতিবেশী ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, আসমার সঙ্গে প্রায় এক দশক আগে শাহেদুজ্জামানের বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তান রয়েছে। ১০ জুন আসমার বাবা মো. আলমকে ফোন করেন শাহেদুজ্জামান। তিনি শ্বশুরকে বলেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। পরে শাহেদুজ্জামান তাঁর ফোনটি বন্ধ করে দেন। খবর পেয়ে আসমার বাবা পতেঙ্গার খেজুরতলা এলাকায় আসেন। মেয়ের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, তাঁরা মৃত আসমার গলায় দাগ দেখেছেন। এই ঘটনায় আসমার বাবা আলম বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন।

পতেঙ্গা থানার পুলিশ জানায়, তাড়াহুড়া করে আসমার লাশ নিজেদের বাড়িতে নিয়ে দাফন করেছিলেন শাহেদুজ্জামান। গ্রেপ্তারের পর তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর লাশ কোথায় দাফন করা হয়েছে, তা–ও তিনি জানান। পরে লাশটি কবর থেকে উত্তোলন করে পুলিশ।