
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির বিচার চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মাহবুব উল আলম হানিফ ছাড়াও এ মামলার পলাতক অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এ মামলায় মোট ১৯ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার ১৯তম সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা আবদুল্লা-আল-মামুনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ পর্ব শেষ হয়।
আগামী ১১ মে এ মামলায় যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে।