স্ত্রীর করা যৌতুকের মামলায় আইনজীবী কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

স্ত্রীর করা যৌতুকের মামলায় চট্টগ্রামের এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম শুভ ধর (৩৮)। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা। তিনি বলেন, স্ত্রীর করা যৌতুকের মামলায় জামিনের আবেদন করেছিলেন আইনজীবী শুভ ধর। আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত জানুয়ারি মাসে ওই আইনজীবীর স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করেন। এতে বলা হয়, যৌতুকের দাবিতে স্বামী, স্বামীর বোন, বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করেন। কারণে-অকারণে গায়ে হাত তোলেন। এমনকি নিয়মিত ছেলের ভরণ-পোষণ দেননি। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী লিগ্যাল এইডের সহযোগিতায় আদালতে মামলা করেন।