বিসিআইসি, ফিরে দেখা—৪

বন্ধ কারখানার পেছনে ব্যয় থেমে নেই

করপোরেশনটির ছয় বন্ধ কারখানা নিয়ে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি প্রথম আলোয় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। আজকের প্রতিবেদনে সেগুলোর বর্তমান পরিস্থিতি।

বিসিআইসি এর ওয়েবসাইট থেকে নেওয়া
বিসিআইসি এর ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকার সাভারের নয়ারহাট এলাকায় অবস্থান ঢাকা লেদার কোম্পানি লিমিটেডের। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ১৮ একর জমির ওপর গড়ে ওঠা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কারখানাটি ১৯৯৫ সালে উৎপাদনে যায়। কোটি টাকার কারখানাটি তিন বছরের মাথায় বন্ধ করে দেয় বিসিআইসি। এরপর আর চালু হয়নি।

দুই দশকের বেশি সময় বন্ধ থাকলেও ঢাকা লেদারের পেছনে ব্যয় থেমে নেই। সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা জানান, কারখানাটিতে এখনো একজন ব্যবস্থাপনা পরিচালক, তাঁর অধীনে কর্মচারী, ১২ আনসার সদস্য, ৩ নিরাপত্তাকর্মী, ৫ পরিচ্ছন্নতাকর্মী ও একজন দেখভালের দায়িত্বে রয়েছেন। এই কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা-বোনাসসহ কারখানার রক্ষণাবেক্ষণের নানা খরচ রয়েছে।

গত ২৫ এপ্রিল সরেজমিনে দেখা যায়, কারখানার মূল ফটকে তালা। চারপাশে সীমানাপ্রাচীর। কারখানার ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যায়নি। বাইরে থেকে দেখা যায়, কারখানার ভেতরের প্রাঙ্গণ নানা ধরনের গাছপালায় ভরে গেছে। জানা যায়, ভেতরে কারখানা ছাড়াও প্রশাসনিক ভবন, রেস্টহাউসসহ কিছু স্থাপনা রয়েছে।

করপোরেশনগুলোর যে বার্ষিক ব্যয় ও দেনা, তার ফলে যে সরকারের বার্ষিক ব্যয় বৃদ্ধি হচ্ছে, যা আসলে সামগ্রিকভাবে সরকারের ব্যয় ব্যবস্থাপনার দুর্বলতাকে ইঙ্গিত করে। বিসিআইসির উচিত হবে এভাবে ফেলে না রেখে বিকল্প শিল্পের চিন্তা করা।
খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি

ঢাকা লেদারসহ বিসিআইসির মোট ছয়টি কারখানা দুই দশক ধরে বন্ধ। তবে এর মধ্যে পাবনার পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলস লিমিটেড গত বছর বিলুপ্ত হয়েছে। এসব কারখানায় এখনো দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মী রয়েছেন। বিষয়টি নিয়ে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘কারখানা বন্ধ, আয় নেই, ব্যয় আছে’ শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বছর পার হয়ে গেলেও কারখানাগুলোর পরিস্থিতির তেমন কোনো হেরফের হয়নি। রক্ষণাবেক্ষণ ও কর্মকর্তা-কর্মচারীদের পেছনে থেমে নেই অর্থ ব্যয়।

জানতে চাইলে বিসিআইসির চেয়ারম্যান মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বন্ধ থাকা কারখানাগুলো চালুর উদ্যোগ আছে। কয়েকটি কারখানার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। তবে অর্থনৈতিক সংকটের কারণে চলমান উন্নয়ন প্রকল্পের কাজগুলো আগে শেষ করতে হবে। সংকট কেটে গেলে বন্ধ কারখানাগুলো সচলের উদ্যোগ নেব।’

মানা হচ্ছে না নির্দেশনা

২০০২ সাল থেকে বন্ধ আছে খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড, খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেড, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স ও কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড। এরও আগে ঢাকা লেদার বন্ধ করে দেয় করপোরেশনটি। এত দিনে এসব কারখানার যন্ত্রপাতি অকেজো হয়ে পড়েছে।

এভাবে সম্পদের অপচয় না করে তা কাজে লাগাতে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনা রয়েছে। ২০১৪ সালের ২৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নির্দেশনায় বলেন, রাষ্ট্রায়ত্ত বন্ধ ও বন্ধপ্রায় শিল্পপ্রতিষ্ঠানের জমি বিনিয়োগের জন্য উপযোগী করতে হবে, শিল্পপার্ক তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পরও বিসিআইসির পাঁচ প্রতিষ্ঠান বন্ধ পড়ে আছে। অবশ্য কোনো কোনো কারখানা চালু করতে নানা সময় উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। এখনো কিছু উদ্যোগ আছে। যেমন বিসিআইসির সার কারখানাগুলোয় ব্যবহৃত বিপুলসংখ্যক ব্যাগের চাহিদা বিবেচনায় ঢাকা লেদার কারখানার জায়গায় ব্যাগ কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

ঢাকা লেদার কোম্পানির মতো চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে এখনো ব্যবস্থাপনা পরিচালকসহ ৪০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও আনসার সদস্য রয়েছেন। বিসিআইসির প্রধান কার্যালয় থেকে ঋণ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেয় শিল্পপ্রতিষ্ঠানটি। জানা গেছে, এত লোকবল থাকার পরও কারখানার মালামাল রক্ষা করা যাচ্ছে না। প্রায়ই মালামাল চুরি হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স চালুর নামে অর্থ অপচয়ও কম হয়নি। কারখানাটি ২০১৩ সালে চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রায় ১১৫ কোটি টাকা খরচে কারখানাটি পুনরায় চালুর প্রকল্পে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সরকার। ২০১৬ সালের জুন পর্যন্ত সময়ে পুনঃচালুকরণ প্রকল্পের ৮৬ ভাগ কাজ শেষ হয়। তবে কারখানা চালুর বদলে কাউকে না জানিয়ে ২০১৮ সালে চীনের প্রতিষ্ঠানটি বাংলাদেশ ছাড়ে। কারখানাটি চালু না হওয়ায় শতকোটি টাকা জলে যায়। এখন আবার নতুন আরেকটি কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

নিউজপ্রিন্ট কারখানাটি গড়ে উঠেছিল ৮৭ একর জমির ওপর। বন্ধ থাকার একপর্যায়ে ৫০ একর জমি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিকে দেওয়া হয়। বাকি জমি নিয়ে কারখানাটি পড়ে আছে। আর খুলনা হার্ডবোর্ড কারখানাটি গড়ে ওঠে প্রায় ১০ একর জমিতে। ২০০২ সালে বন্ধ হয়ে যাওয়ার পর মাঝখানে কয়েক বছর চালু করা হয়েছিল এটি। তারপর আবার বন্ধ হয়ে যায়, এখনো বন্ধ আছে। জানা গেছে, ২০০২ সালে বন্ধ হওয়ার পর থেকে কারখানা দুটিতে ৭০ জনের বেশি জনবল রয়ে গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কারখানা দুটির যন্ত্রপাতি ভাঙারি হিসেবে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এখানেও নতুন কারখানা স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড কারখানাটিও দুই যুগের বেশি সময় ধরে বন্ধ আছে। কার্যক্রম না থাকায় এটি কর্ণফুলী পেপার মিলের সঙ্গে একীভূত হয়ে গেছে। তবে এর সম্পত্তি দেখভালের জন্য এখনো সেখানে লোকবল রয়েছে। এ কারখানাটিও বিভিন্ন সময় চালুর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু তা হয়নি। এখন সেখানে নতুন প্ল্যান্ট করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে পাবনার পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলস লিমিটেডের জমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা বাহিনীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। তবে বিলুপ্তি ঘটলেও নর্থ বেঙ্গলের জনবল রয়ে গেছে। গত বছরের ২১ জুলাই নর্থ বেঙ্গল কারখানা ছেড়ে কর্মকর্তা-কর্মচারীরা ঢাকার মতিঝিলে বিসিআইসির কার্যালয়ে ওঠেন।

সরকারের ব্যয় ব্যবস্থাপনার দুর্বলতার ইঙ্গিত

১৯৭৬ সালে বিসিআইসি প্রতিষ্ঠার পর একপর্যায়ে এর অধীন কারখানার সংখ্যা দাঁড়ায় ৯৭। ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন বলছে, বিসিআইসির ১৩টি কারখানায় উৎপাদনে ছিল। ২০২১-২২ অর্থবছরে তা কমে ১০টিতে দাঁড়ায়। একদিকে বিসিআইসির কারখানার সংখ্যা কমছে, অন্যদিকে লোকসানও দিতে হচ্ছে। গত চার বছরে অন্তত ১ হাজার ৫৮৫ কোটি টাকা লোকসান দিয়েছে করপোরেশনটি।

কারখানা বন্ধ রেখে তার পেছনে খরচ করা সরকারের ব্যয় ব্যবস্থাপনার দুর্বলতাকে ইঙ্গিত করে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি প্রথম আলোকে বলেন, করপোরেশনগুলোর যে বার্ষিক ব্যয় ও দেনা, তার ফলে যে সরকারের বার্ষিক ব্যয় বৃদ্ধি হচ্ছে, যা আসলে সামগ্রিকভাবে সরকারের ব্যয় ব্যবস্থাপনার দুর্বলতাকে ইঙ্গিত করে। বিসিআইসির উচিত হবে এভাবে ফেলে না রেখে বিকল্প শিল্পের চিন্তা করা।

[তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার]