কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা

কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য: জামায়াত আমিরকে ক্ষমা চাওয়ার দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে থাকা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা জামায়াতের আমিরের ওই মন্তব্যকে আপত্তিকর ও নারীর মর্যাদাহানি বলে উল্লেখ করেন। এ সময় তাঁরা জামায়াতের এই শীর্ষ নেতাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারজানা আক্তার বলেন, ‘দায়িত্বশীল অবস্থানে থেকে জামায়াতে ইসলামীর আমির নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানাই।’ তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু নারীদের অপমানই নয়, এটি তাঁদের মানবিক মর্যাদাকেও ক্ষুণ্ন করেছে। আধুনিক যুগে এসে নারীদের কর্ম নিয়ে এ ধরনের মন্তব্য খুবই আক্রমণাত্মক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা বলেন, জামায়াতে ইসলামীর আমিরের মতো একজন ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খাদিজাতুল কুবরা আরও বলেন, দেশের নারীরা চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক থেকে শুরু করে লাখো পোশাকশ্রমিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একটি রাজনৈতিক দল একদিকে নারীদের নিজেদের প্রচারে ব্যবহার করে, অন্যদিকে তাঁদের অবমূল্যায়ন করে।

প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।