‘মানুষ নিচের দিকে তাকিয়ে হাঁটে। আর আমরা ওপরের দিকে তাকিয়ে হাঁটি। ছাদের পলেস্তারা কখন খসে পড়বে তার তো ঠিক নেই,’ কথাগুলো বলছিল চট্টগ্রামের হাটহাজারী সরকারি শিশু পরিবারের (বালক) একাদশ শ্রেণিপড়ুয়া এক ছাত্র। সাত বছর ধরে সে এই শিশু পরিবারে আছে।
২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি গণপূর্ত বিভাগ শিশু পরিবারটির পাঁচতলা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু অন্য কোথাও জায়গা না হওয়ায় সেখানেই থাকতে হচ্ছে শিশুদের।
১১ মে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটহাজারীর সরকারি শিশু পরিবারের ফটক দিয়ে ঢুকতেই পরিত্যক্ত একতলা ভবন। দরজা, জানালা, ছাদ কিছুই নেই। এই ভবনে শিশুদের প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানো হতো। পাশে আরেকটি পরিত্যক্ত ভবনে শিশুদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হতো একসময়। এ দুটি পরিত্যক্ত ভবনে এখন আর কার্যক্রম না চললেও অপর একটি পরিত্যক্ত ভবনে এখনো থাকছে শিশুরা।
এ ভবনের রডগুলো পর্যন্ত বের হয়ে গেছে। শিশুরা জানায়, প্রায়ই পলেস্তারা খসে পড়ে, এতে তারা আহতও হয়।
শিশু পরিবারটির দায়িত্বে থাকা উপতত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস বলেন, শিশু পরিবারে ১৭৫ আসনের মধ্যে বর্তমানে শিশু আছে ৬৩ জন। পাঁচতলা ভবনের ২০টি কক্ষ থাকার অনুপযোগী হওয়ায় তালাবদ্ধ আছে।
পিরোজপুর সরকারি শিশু পরিবারে (বালিকা) ৬৮ জন শিশু থাকছে। ১৯৭৩ সালে যাত্রা শুরু করা পিরোজপুর শিশু পরিবারটির মূল ভবনকে ২০১৮ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল গণপূর্ত অধিদপ্তর। ২০১৯ সালে আবাসিক ভবনটি ভেঙে ফেলা হয়। সেখানে নতুন ভবনের কাজ শুরু হয়েছে। বর্তমানে স্টাফদের দুটি ভবনে শিশুরা গাদাগাদি করে থাকছে।
সরকারি শিশু সদন/শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালা-২০০২ এবং শিশু আইন, ২০১৩ (সংশোধিত ২০১৮)–এর মাধ্যমে পরিচালিত পরিবারগুলোর কোনোটিতে পরিত্যক্ত ভবনে শিশুরা থাকছে। আবার কোনোটিতে জনবল–সংকট চরম মাত্রায়।
হাটহাজারী ও পিরোজপুরের মতো দেশে এমন সরকারি শিশু পরিবার আছে ৮৫টি। বাবা নেই বা বাবা ও মা নেই, এমন এতিম শিশুদের জন্য জেলা সদর ও কিছু উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এই শিশু পরিবারগুলো পরিচালনা করছে। সরকারি শিশু সদন/শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালা-২০০২ এবং শিশু আইন, ২০১৩ (সংশোধিত ২০১৮)–এর মাধ্যমে পরিচালিত পরিবারগুলোর কোনো কোনোটিতে পরিত্যক্ত ভবনে শিশুরা থাকছে। আবার কোনো কোনো পরিবারে জনবল–সংকট চলছে চরম মাত্রায়।
হাটহাজারী শিশু পরিবারসহ মোট ১৮টি সরকারি শিশু পরিবার ও একটি ছোটমণি নিবাসের হোস্টেল, তত্ত্বাবধায়কের বাসস্থান, প্রশিক্ষণ কেন্দ্রকে বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করে।
২০১৮ সালের জুলাই থেকে শুরু হওয়া ২৯৬ কোটি ৭১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস নির্মাণ/পুনর্নির্মাণ শীর্ষক একটি প্রকল্প এখনো চলমান। প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ প্রকল্পের আওতায় হাটহাজারীর শিশুদের জন্য পরিত্যক্ত ভবনের পাশে শিশুদের থাকার জন্য আলাদা একটি শেড বানানো হয়েছে। শিগগিরই শিশুদের সেখানে স্থানান্তর করা হবে। পরিত্যক্ত ভবনটি ভেঙে ফেলে নতুন ভবন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ২০২০ সালের জুন মাসে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকল্পটির একটি নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে এ প্রকল্পকে অত্যন্ত ধীরগতি সম্পন্ন প্রকল্প হিসেবে উল্লেখ করা হয়েছিল। তাই সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প শেষ না হলে অন্ততপক্ষে এই ১৯টি কেন্দ্রের শিশুদের ভোগান্তি কমেছে, তা বলার উপায় নেই।
প্রকল্পটির প্রকল্প পরিচালকের বদল ঘটেছে বিভিন্ন সময়। বর্তমানে সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস নির্মাণ ও পুনর্নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পটি বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড লিমিটেড কাজ করছে। প্রকল্পের ব্যয় বেড়ে ৩৮৫ কোটি ২০ লাখ টাকা করা হয়েছে।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী শেখ রেশাদ এমরান বলেন, প্রকল্পের আওতায় ১৩টি কেন্দ্রের কাজ চলতি বছরের মধ্যে শেষ করা সম্ভব হবে। অন্য কেন্দ্রগুলোতে ভবন ভাঙতে হবে ও গাছ অপসারণ করতে হবে। প্রাকৃতিক বড় কোনো দুর্যোগ না হলে বর্ধিত মেয়াদেই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।
হাটহাজারী শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস ৯ মাস ধরে এ পদে আছেন। তিনি বলেন, শিশুদের দেখভালের জন্য ২২টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র আটজন। সহকারী শিক্ষক, মেট্রন কাম নার্সসহ জরুরি পদগুলোয় জনবল নেই কয়েক বছর ধরে। এত বড় প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী আছেন মাত্র একজন।
চট্টগ্রামের রউফাবাদের সরকারি শিশু পরিবারে (বালিকা) ৯৭টি শিশু রয়েছে। উপতত্ত্বাবধায়ক তাসনিম আকতার প্রথম আলোকে বলেন, এই মেয়েদের জন্য ছয়জন ‘খালাম্মা’ দরকার। কিন্তু আছেন মাত্র দুজন।
শিশু পরিবারগুলোয় শিশুদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় এই শিশুদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর ব্যবস্থা করতে হবে। শিশুরা বড় হয়ে চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় যেতে পারলে উদাহরণ তৈরি করা সম্ভব হবে।মো. আফজাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রতিষ্ঠান ১))
পটিয়া সরকারি শিশু (বালক) পরিবারটিতে ১৮টি পদের মধ্যে ১০টিই শূন্য। ২০০৬ সালে ১০০ আসনের এই শিশু পরিবারটি চালু হলেও বর্তমানে থাকছে মাত্র ৫৪ জন শিশু।
চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, জনবল যা আছে, তা দিয়েই কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।
সেলাই, কম্পিউটার সার্ভিসিং, মোবাইল সার্ভিসিং, পোলট্রি, ডেইরি, ইলেকট্রনিকস ওয়ার্কস, ব্লক বাটিক, এমব্রয়ডারি, মৌমাছি পালনসহ শিশু পরিবারগুলোয় বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও বেশির ভাগ জায়গায় প্রশিক্ষকের পদ শূন্য থাকায় প্রশিক্ষণ বন্ধ রাখতে হচ্ছে।
বিভিন্ন সময় শিশু পরিবারগুলোয় বিভিন্ন অঘটনও ঘটে। ২০২০ সালের ডিসেম্বর মাসে গোপালগঞ্জ সরকারি শিশু পরিবার থেকে জোবায়ের খানের (১২) লাশ উদ্ধার করা হয়। সে সময় তার পরিবার অভিযোগ করেছিল, শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে শিশুটির লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
২০১৯ সালের মে মাসে হাটহাজারী সরকারি শিশু পরিবারে সাত বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল তখনকার মেট্রন কাম নার্স ও হোস্টেল সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফার বিরুদ্ধে। উপজেলা প্রশাসন শিশুটির জবানবন্দি নিয়ে ঘটনার সত্যতাও পেয়েছিল। যৌন নির্যাতনের শিকার শিশুটিকে রাস্তায় কুড়িয়ে পেয়ে এক পুলিশ সদস্য তাকে নগরের রৌফাবাদ এলাকার সরকারের ছোটমণি নিবাসে দিয়েছিলেন। পরে শিশুটি আশ্রয় পেয়েছিল শিশু পরিবারে।
নেত্রকোনার শিশু পরিবারটি (বালক) সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ২০২১ সালে মডেল বা আদর্শ শিশু পরিবার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই পরিবারে শিশুদের উপস্থিতি শতভাগ। স্থানীয় প্রশাসনের সহায়তার পাশাপাশি জনপ্রতিনিধিসহ স্থানীয় মানুষ এ পরিবারের উন্নয়নে হাত বাড়িয়ে দিয়েছে।
প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক তারেক হোসেন বললেন, শুধু সরকারি বরাদ্দ দিয়ে প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। স্থানীয় ব্যক্তিরা এগিয়ে আসায় সুবিধা হয়েছে। এখানেও জনবলের স্বল্পতা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সে কারণে কর্মরতদের দায়িত্বের বাইরে একটু বেশি দৌড়ঝাপ করতে হচ্ছে। আমি সমাজকর্মে স্নাতকোত্তর করেছি, বাড়তি দায়িত্ব হিসেবে নিজেই শিশুদের কাউন্সেলিং করি। কর্মরতরা চাকরি হিসেবে কাজ করলে এই শিশুদের উন্নয়ন সম্ভব হবে না।’
এখানকার শিশু পরিবারের (বালক) সদস্যরা পরবর্তী জীবনে পুলিশ, সমরাস্ত্র কারখানাসহ বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়েও ভালো করছে।
খাগড়াছড়ি সদরে শিশু পরিবারটি একমাত্র সমন্বিত অর্থাৎ এখানে ১০০ জন ছেলে ও মেয়ে থাকছে। এখানকার শিশুরা পড়াশোনা, নাচসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো করছে। বিভাগীয় পর্যায়েও বিভিন্ন প্রতিযোগিতায় শিশুরা পুরস্কার পাচ্ছে।
এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য শিশু পরিবারগুলো পরিচালিত হচ্ছে। ৬ থেকে ৯ বছর বয়সী শিশুদের ভর্তি করা হয়। ভর্তির পর ১৮ বছর বয়স পর্যন্ত রাখার নিয়ম থাকলেও কেউ পড়াশোনা করতে থাকলে বিশেষ অনুমোদনে এরপরও তাঁদের রাখা হচ্ছে।
১৯৪৫ সাল থেকে শুরু করে বিভিন্ন সময় শিশু পরিবারগুলো যাত্রা শুরু করেছে। সমাজসেবা অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, এ পর্যন্ত ৬৯ হাজার ৯৭২ জনকে বিয়ে, চাকরি, পরিবারে ফিরে যাওয়া বা সামাজিকভাবে পুনর্বাসন, প্রশিক্ষণ এবং এসএসসি ও এইচএসসি পর্যন্ত পড়ানোর মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। পুনর্বাসন করাদের মধ্যে ৪ হাজার ৬১০ জন মেয়েকে বিয়ের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ৪২ হাজার ২২৭ জনকে সামাজিকভাবে পুনর্বাসন করা হয়েছে।
ডাস্টবিনে কুড়িয়ে পাওয়ার পর নাসিমা আক্তারের জায়গা হয় রাজধানীর আজিমপুরের ছোটমণি নিবাসে। তারপর তেজগাঁওয়ের শিশু পরিবারের বাসিন্দা হন। শিশু পরিবারে সরকারি ব্যবস্থাপনায় ধুমধাম করে নাসিমার বিয়ে হয়েছে প্রায় এক বছর হলো। এসএসসি পাস নাসিমা সমাজসেবা অধিদপ্তরে অফিস সহায়ক হিসেবে চাকরি করছেন।
সমাজসেবা অধিদপ্তরে বসেই কথা হয় নাসিমার সঙ্গে। জানালেন, চাকরির পাশাপাশি কলেজে ভর্তি হতে চান। শিশু পরিবারে মন খারাপ হতো কোন কোন সময় জানতে চাইলে ছলছল চোখে বললেন, ‘ঈদে যখন সবাই বাড়ি যেত আর মাসের রোববার যখন অন্যদের মায়েরা দেখা করতে আসত, তখন খুব খারাপ লাগত। আমার তো যাওয়ার কোনো জায়গা ছিল না, মা–ও নেই।’
কেমন আছেন জানতে চাইলে নাসিমা হাসি মুখে বলেন, ‘স্যারেরা আমার বিয়েতে বদনা থেকে শুরু করে টেলিভিশন, অর্থাৎ একটি সংসারে যা যা লাগে, সব দিয়ে বিয়ে দিয়েছেন। আর এখন আমার একটি চাকরিও আছে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা দরকার, সবই আছে আমার।’
যক্ষ্মায় ২০০৪ সালে যখন বাবা মারা যান, তখন মো. রফিকুল ইসলামের বয়স ছিল মাত্র দেড় বছর। রফিকুল ও তাঁর ভাই শফিকুল ইসলামকে তাঁদের মা নরসিংদী শিশু পরিবারে ভর্তি করেন। শফিকুল ইসলাম অনার্স পাস করে ২০১৬ সালে শিশু পরিবার ছেড়েছেন। এখন শিশু পরিবারটিতেই অফিস সহায়ক হিসেবে কাজ করছেন। অন্যদিকে রফিকুল এখনো শিশু পরিবারেই থাকছেন, অনার্স প্রথম বর্ষে পড়ছেন।
সরকারের শিশু পরিবারটির প্রতি কৃতজ্ঞ রফিকুল ইসলাম। জানালেন, দুই বছর আগেই শিশু পরিবার ছাড়ার কথা ছিল। পড়াশোনা করছেন এবং চাকরির জন্য চেষ্টা করছেন বলে কর্তৃপক্ষ শিশু পরিবারেই থাকার অনুমতি দিয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রতিষ্ঠান ১) মো. আফজাল হোসেন ৮৫টি শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, এতিমের সংজ্ঞাগত জটিলতা, আবাসনের সুযোগ না থাকাসহ বিভিন্ন সীমাবদ্ধতায় শিশু পরিবারের আসন খালি থাকছে। তা ছাড়া জনবল পর্যাপ্ত না হলে উপযুক্ত সেবা দেওয়া সম্ভব নয়। তিনি জানান, খণ্ডকালীন চিকিৎসক কম টাকায় দায়িত্ব পালন করতে চান না। শিশুদের কাউন্সেলিং করার জন্য কোনো পদ নেই। এ বিষয়গুলোর সুরাহা হলে শিশুদের আরও ভালো রাখা সম্ভব হবে।
আফজাল হোসেন আরও বলেন, শিশু পরিবারগুলোয় শিশুদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় এই শিশুদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর ব্যবস্থা করতে হবে। শিশুরা বড় হয়ে চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় যেতে পারলে উদাহরণ তৈরি করা সম্ভব হবে।
এই কর্মকর্তার মতে, বিয়ের মাধ্যমে পুনর্বাসনের যে চিন্তা, তা থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর চট্টগ্রাম, পটিয়া, পিরোজপুর, খাগড়াছড়ি, নেত্রকোনার প্রতিনিধিরা।