আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রথম জামিন পেয়েছিলেন লক্ষ্মীপুর আ.লীগ নেতা হুমায়ুন, বাতিলের আবেদন প্রসিকিউশনের

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) লক্ষ্মীপুরের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আদেশ বাতিলের আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ সোমবার এই আবেদন করে প্রসিকিউশন।

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলা থেকে হুমায়ুন কবির পাটোয়ারী জামিন পেয়েছিলেন। অসুস্থতা বিবেচনায় ১১ জানুয়ারি তাঁকে জামিন দিয়েছিলেন ট্রাইব্যুনাল–২। জামিন পেলেও তিনি কারামুক্ত হননি। এখন সেই জামিন বাতিলের আবেদন করা হলো।

এ বিষয়ে প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আদেশ বর্তমানে স্থগিত। সেই জামিন আদেশ বাতিলের আবেদন করা হয়েছে। এ বিষয়ে ১৪ মে শুনানি হবে।

২০২৪ সালের জুলাইয়ে লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আছেন হুমায়ুন কবির। জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনিই একমাত্র আসামি, যিনি জামিন আদেশ পেয়েছিলেন।