
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজ থেকে পড়ে নিখোঁজ চীনা নাবিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার এলাকার সাগর উপকূল থেকে চীনা নাবিকের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া চীনা নাবিকের নাম ঝাং মিন ইয়ান (৪১)। তিনি চীনের পতাকাবাহী এমভি ক্যাং হুয়ান নামের জাহাজে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ২৬ ডিসেম্বর জাহাজটিতে যোগদান করেছিলেন।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে কোস্টগার্ড চীনা নাবিকের লাশ উদ্ধার করে। এখন শিপিং এজেন্ট যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষ করে তাঁর মরদেহ চীনে পাঠানোর ব্যাপারে কাজ করছে।’
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, গত মঙ্গলবার জাহাজটিতে দুর্ঘটনা প্রতিরোধে মহড়া চলছিল। মহড়ার সময় ১৬ জন নাবিক জাহাজে থাকা লাইফবোটে চড়েন। হঠাৎ করে জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ১৫ জন নাবিককে উদ্ধার করা হয়। ঝাং মিন ইয়ানকে তখন উদ্ধার করা যায়নি। তিনি নিখোঁজ ছিলেন। আজ তাঁর লাশ উদ্ধার হলো।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে নৌবাণিজ্য দপ্তর। এ জন্য তারা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি গতকাল বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে।