সাজা প্রদানে পৃথক শুনানি করতে হাইকোর্টের নির্দেশনা স্থগিত

হাইকোর্ট
ফাইল ছবি

ফৌজদারি মামলায় রায় ঘোষণার আগে অভিযুক্ত ব্যক্তিকে সাজা দেওয়ার বিষয়ে পৃথক শুনানি করতে হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বিচারিক আদালত ও ট্রাইব্যুনালকে দেওয়া হাইকোর্টের ওই নির্দেশনা আগামী ১০ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশনা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। একই সঙ্গে ওই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে। এ ছাড়া আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১০ জুলাই আবেদনটি শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

‘রাষ্ট্র বনাম মো. লাভলু’ শিরোনামে এক মামলায় গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। রায়ের নির্দেশনায় বলা হয়, দেশের বিচারিক আদালত ও ট্রাইব্যুনালকে রায় ঘোষণার আগে অভিযুক্ত ব্যক্তির সাজা দেওয়ার বিষয়ে পৃথক শুনানি করতে হবে। এ জন্য পক্ষগুলোর চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার আগে একটি তারিখ নির্ধারণ করতে হবে।

রায়ের নির্দেশনা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

এম সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘সাজা প্রদানের জন্য আলাদা করে শুনানি করতে হাইকোর্টের রায়ের নির্দেশনাগুলো ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।’

যশোরে এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ওই মামলায় ২০১৭ সালের ৩০ মে অভিযুক্ত মো. লাভলুকে মৃত্যুদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ওই রায় অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন লাভলু। শুনানি শেষে বিচারিক আদালত ও ট্রাইব্যুনালকে ওই নির্দেশনাসহ রায় দেন হাইকোর্ট। রায়ে লাভলুকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশনাগুলো
হাইকোর্ট রায়ে বলেছিলেন, দেশের বিচারিক আদালত ও ট্রাইব্যুনালকে রায় ঘোষণার আগে অভিযুক্ত ব্যক্তির সাজা দেওয়ার বিষয়ে পৃথক শুনানির জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। পদ্ধতি সম্পর্কে নির্দেশনায় বলা হয়, পক্ষগুলোর চূড়ান্ত যুক্তিতর্ক শেষে যখন বিচারক অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে মনস্থির করেন, তখন তাঁর এই মনোভাব উন্মুক্ত আদালত বা ট্রাইব্যুনালে পক্ষগুলোর কাছে প্রকাশ করবেন। এরপর বিচারক অভিযুক্ত ব্যক্তির যথাযথ সাজা নির্ধারণ করতে পৃথক শুনানির জন্য সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে একটি তারিখ নির্ধারণ করবেন। এ ধরনের শুনানিতে পক্ষগুলো অভিযুক্ত ব্যক্তির সামাজিক পটভূমি, অপরাধের রেকর্ড, বয়স ও আর্থিক অবস্থা ইত্যাদি তুলে ধরতে পারবেন। শুনানিতে সাজার প্রকৃতি; অপরাধ সংঘটন পরিস্থিতি; অপরাধীর বয়স ও চরিত্র; ব্যক্তি বা সমাজের প্রতি ক্ষতি; অপরাধী অভ্যাসগত, সাধারণ বা পেশাদার কি না; অপরাধীর ওপর সাজার প্রভাব; বিচারে বিলম্ব ও দীর্ঘদিন চলা বিচারের সময় অপরাধীর ভোগা মানসিক যন্ত্রণা; এমনকি অপরাধীর সংশোধন ও সংস্কারের দিক নজরে রাখতে হবে। এসবের পর বিচারক সাজাসহ দোষী সাব্যস্তকরণ বিষয়ে রায় ও আদেশ দেবেন।