আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড ৩৪ জন শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে ‘বেস্ট বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড’ দিয়েছে
আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড ৩৪ জন শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে ‘বেস্ট বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড’ দিয়েছে

বেস্ট বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড দিল আকিজ অ্যাগ্রো ফিড

ব্যবসায়িক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যবসায়িক অংশীদারদের পুরস্কৃত করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড। গতকাল শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ৩৪ জন শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে ‘বেস্ট বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

২০২৫ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরুর এক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফিড শিল্পে নজির স্থাপন করেছে। গবাদিপশু, পোলট্রি ও মৎস্য—এই তিনটি খাতে মোট ৬৭টি পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, ‘আমাদের ব্যবসায়িক অংশীদারদের অক্লান্ত পরিশ্রম ও বিশ্বাস আকিজ অ্যাগ্রো ফিডকে স্বল্প সময়ের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই পুরস্কার তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক।’

আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের সিইও এ টি এম হাবিব উল্লাহ বলেন, ‘আমাদের আগামীর লক্ষ্য, দেশের খামারি সমাজকে স্বাবলম্বী করা, উৎপাদনে নতুন মাত্রা যোগ করা এবং আকিজ অ্যাগ্রো ফিডকে লাইভস্টক শিল্পে একটি বিশ্বস্ত নাম হিসেবে তুলে ধরা। সেই সঙ্গে আমাদের ব্যবসায়িক অংশীদারদেরও নিজ নিজ ব্যবসার ধারাবাহিকতা ও উৎকর্ষ বজায় রাখতে অনুপ্রাণিত করা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (কনজিউমার মার্কেট ক্লাস্টার) সাবিহা ইয়াসমিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যতে একটি টেকসই ও প্রসারিত অংশীদারত্বের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।